মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানকে দেখানো লাল কার্ড এবং এক ম্যাচের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছিলেন। বিশ্বকাপ চলাকালে তার এই হস্তক্ষেপ নিয়ে তীব্র বিতর্ক তৈরি হলেও ট্রাম্প দাবি করেছেন, তিনি শুধু সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন, কোনো নির্দেশ দেননি।
রোববার (৫ জুলাই) ফিফা ঘোষণা দেয়, বালোগান বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে খেলতে পারবেন। এই ঘোষণার পরই বিশ্বকাপের স্বচ্ছতা ও সিদ্ধান্ত গ্রহণের নিরপেক্ষতা নিয়ে নানা প্রশ্ন ও বিতর্ক শুরু হয়।
সোমবার (৬ জুলাই) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমি শুধু বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ করেছি। আমি বলিনি, আপনাদের এটা করতেই হবে।’ তার দাবি, ঘটনাটি কোনো ফাউল ছিল না। তিনি বলেন, ‘দুই খেলোয়াড় পুরো গতিতে দৌড়াচ্ছিল এবং একসময় একে অপরের সঙ্গে ধাক্কা লেগেছে। এর বেশি কিছু নয়।’
বালোগানের পক্ষে অবস্থান নিয়ে ট্রাম্প বলেন, ‘সে কোনো ভুল করেনি।’ একই সঙ্গে তিনি জানান, ফিফাকে কী করতে হবে, তা বলে দেওয়ার ক্ষমতা বা ইচ্ছা তার ছিল না।
এটাই প্রথমবারের মতো ট্রাম্প বিস্তারিতভাবে ইনফান্তিনোর সঙ্গে হওয়া সেই আলোচিত ফোনালাপ নিয়ে প্রকাশ্যে কথা বললেন। তিনি বলেন, ‘আমি তাকে কী করতে হবে, তা বলিনি। আমি তা বলতেও পারি না।’ তার মতে, স্বাধীন ডিসিপ্লিনারি কমিটিই শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে বিতর্কের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও ট্রাম্পের সঙ্গে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, বালোগানের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত সম্পূর্ণ স্বাধীনভাবে ফিফার ডিসিপ্লিনারি কমিটি নিয়েছে।
ইনফান্তিনো বলেন, বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তার নিয়মিত আলোচনা হয়। একইভাবে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারি কর্মকর্তা, ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গেও নানা বিষয়ে কথা হয়।
তিনি আরও বলেন, ‘আমাদের আলোচনার সময় আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছিলাম যে বিষয়টি ফিফার স্বাধীন বিচারিক সংস্থার অধীনে আইনি প্রক্রিয়ায় রয়েছে এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষই এর সিদ্ধান্ত নেবে। ফিফার বিচারব্যবস্থা এভাবেই পরিচালিত হয় এবং এই নীতিই আমি সবসময় সমুন্নত রাখব।’ সূত্র: সিএনএন