বসনিয়ার বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে লাল কার্ড দেখেছিলেন যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগান। নিয়ম অনুযায়ী বেলজিয়ামের বিপক্ষে আগামীকালের ম্যাচে তার নিষিদ্ধ থাকার কথা ছিল। কিন্তু ফিফা ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর অনুচ্ছেদ ব্যবহার করে সেই নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করেছে। ফলে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামতে আর কোনো বাধা নেই যুক্তরাষ্ট্রের এই ফরোয়ার্ডের।
ফিফার এই সিদ্ধান্তের পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা ছিল বলেই জানিয়েছে নিউইয়র্ক টাইমসসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ জানানোর পরই বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পরই ক্ষোভে ফেটে পড়ে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। কড়া ভাষার এক বিবৃতিতে ফিফার সিদ্ধান্তকে ‘দুর্বোধ্য, নজিরবিহীন এবং অযৌক্তিক’ বলে মন্তব্য করেছে তারা। উয়েফার দাবি, ফুটবল কিছু নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে পরিচালিত হয় এবং সেই নিয়মই প্রতিযোগিতার স্বচ্ছতা নিশ্চিত করে। তাদের মতে, এই ক্ষেত্রে নিয়ম ব্যাখ্যার কোনো সুযোগই ছিল না।
উয়েফা আরও বলেছে, ‘ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা হওয়ার অন্যতম কারণ মানুষ এখনও এর নিয়মের ওপর বিশ্বাস রাখে। বিশ্বকাপের মতো আসরে এমন সিদ্ধান্ত খেলাটির বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলতে পারে।’
ফিফার সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছে বেলজিয়াম ফুটবল ফেডারেশনও। এক বিবৃতিতে তারা জানিয়েছে, অংশগ্রহণকারী সব দলের ন্যায্য অধিকার এবং ফেয়ার প্লের মৌলিক নীতিগুলো রক্ষার জন্য সম্ভাব্য সব আইনি ও প্রশাসনিক পথ খতিয়ে দেখা হচ্ছে।
বেলজিয়াম কোচ রুডি গার্সিয়া বিষয়টিকে ব্যঙ্গ করে বলেন, ‘আমি জানতাম না যে ফিফা বিশ্বকাপে ৫ জুলাই এখন ১ এপ্রিল হয়ে গেছে, আর আজ এপ্রিল ফুল দিবস।’
গোলরক্ষক থিবো কোর্তোয়াও বিস্ময় প্রকাশ করেছেন। তার মতে, ম্যাচের মাত্র এক দিন আগে এমন সিদ্ধান্ত নেওয়া বেলজিয়ামের প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, ‘যদি সিদ্ধান্তটি আগে নেওয়া হতো, তাহলে হয়তো আমরা মানসিকভাবে আরও ভালোভাবে প্রস্তুত হতে পারতাম।’
এখন বেলজিয়াম-যুক্তরাষ্ট্র ম্যাচের আগেই বালোগানকে ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক বিশ্বকাপের সবচেয়ে আলোচিত অফ-দ্য-ফিল্ড ঘটনাগুলোর একটিতে পরিণত হয়েছে।
'এটাই শেষ বিশ্বকাপ, আশা করি শেষ ম্যাচ নয়'
মেসি-এমবাপ্পের কাতারে হালান্ড, অভিষেক বিশ্বকাপেই ইতিহাস
‘কোনো কিছুই অসম্ভব নয়’, ব্রাজিলকে হারিয়ে হালান্ড