যেসব কৌশলে স্পেনকে স্তব্ধ করতে পারে আর্জেন্টিনা

সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তনে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের হাতছানি আর্জেন্টিনার সামনে।৬১৭ কোটি টাকার এই ফাইনাল জিততে লিওনেল স্কালোনির দলের সামনে এখন একমাত্র বাধা স্পেন। টুর্নামেন্ট জুড়ে অপরাজিত স্পেনকে স্তব্ধ করাই এই যাত্রায় মেসিদের সবশেষ চ্যালেঞ্জ। যা মোটেই সহজ নয় বলে মনে করেন ফুটবল বোদ্ধারা।

যেখানে কেপ ভার্দে, সুইজারল্যান্ড, মিশর ও সেমিফাইনালে ইংলিশদের বিপক্ষে শেষ মুহূর্তের মহাকাব্যিক প্রত্যাবর্তনে স্পেনের মুখোমুখি দাঁড়িয়ে লিওনেল মেসির আর্জেন্টিনা। সেখানে ফরাসিদের অনায়াসে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন। ইউরো চ্যাম্পিয়নদের নান্দনিক পাসিং আর টুর্নামেন্টে মাত্র এক গোল হজম করার ইস্পাতকঠিন রেকর্ড ফাইনালের মঞ্চকে করে তুলেছে আরও রোমাঞ্চকর।

ফুটবল বোদ্ধাদের মতে, ফাইনালের মাঠে স্পেনের তিকিতাকা ফুটবলকে স্তব্ধ করতে লিওনেল স্কালোনির শিষ্যদের নিতে হবে সুনির্দিষ্ট পাঁচ কৌশল।

প্রথমত, স্প্যানিশ মাঝমাঠের হৃৎপিণ্ড রদ্রি এবং ফাবিয়ান রুইসের চেনা ছন্দ কাটাতে হবে। এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার ও পারেদেসদের মাঝমাঠের জায়গা সংকুচিত করে রদ্রির বল নিয়ন্ত্রণের স্বাধীনতা কেড়ে নিতে হবে। 

দ্বিতীয়ত, জাদুকর মেসিকে আক্রমণভাগে একা ফেলে রাখা চলবে না। ৮ গোল ও ৪ অ্যাসিস্ট নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে থাকা মেসির চারপাশে ফরোয়ার্ডদের ছায়ার মতো থেকে স্পেনের রক্ষণকে ব্যস্ত রাখতে হবে, যেন মেসি তার চিরচেনা জাদুকরী পাস বা শটের জায়গা খুঁজে পান।

তৃতীয় কৌশল হতে পারে স্পেনের অতি-আক্রমণাত্মক ফুলব্যাক পেদ্রো পোরো ও মার্ক কুকুরেইয়ার ফেলে যাওয়া শূন্যস্থান। হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগতে থাকা পোরোর পাশের ফাঁকা জায়গা দ্রুত কাউন্টার অ্যাটাকে কাজে লাগাতে হবে আর্জেন্টিনাকে।

চতুর্থত, স্পেনের বিস্ময়বালক লামিনে ইয়ামালকে একা রুখতে যাওয়া হবে আত্মঘাতী। রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজকে ধৈর্যের সাথে ইয়ামালকে বোতলবন্দী করতে হবে, তবে খেয়াল রাখতে হবে যেন ওলমো বা ওয়ারসাবাল ফাঁকা জায়গা না পেয়ে যান। 

মেসিদের শেষ কৌশল- আর্জেন্টিনাকে শেষ মুহূর্তের অলৌকিক নাটকের অপেক্ষায় না থেকে প্রথমার্ধ থেকেই সেট পিস ও প্রেসিংয়ের মাধ্যমে গোল আদায় করতে হবে।

ফাইনালটি আসলে বার্সেলোনার চিরন্তন অতীত বনাম উজ্জ্বল ভবিষ্যতের এক মনস্তাত্ত্বিক যুদ্ধ। একদিকে মেসির শেষ বারের মতো বিশ্বমুকুট ধরে রাখার আকুতি, অন্যদিকে ইয়ামালের নতুন সাম্রাজ্য গড়ার হুঙ্কার। মাঠের রণকৌশল, রক্ষণের শৃঙ্খলা আর সুযোগের নিখুঁত সদ্ব্যবহারই শেষ পর্যন্ত লিখে দেবে কার হাতে উঠছে ফুটবল ইতিহাসের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই সিংহাসন।