ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার দীর্ঘদিনের তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সেই প্রতিযোগিতার বাইরে এসে স্পেনের তরুণ উইঙ্গার লামিনে ইয়ামালের ভূয়সী প্রশংসা করেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। তার বিশ্বাস, ইয়ামালের সামর্থ্য এমন পর্যায়ের যে তিনি একাই একটি দলকে বিশ্বকাপ জিতিয়ে দিতে পারেন।
বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ২৫ বছর বয়সী ভিনিসিয়ুস বলেন, স্পেনের দলে লামিনে ইয়ামালের মতো একজন ফুটবলার রয়েছে, যিনি বর্তমানে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। মাঠে তার পারফরম্যান্স অসাধারণ এবং তিনি এমন একজন ফুটবলার, যার খেলা উপভোগ করতে মানুষ অর্থ ব্যয় করতেও আগ্রহী থাকবে।
মাত্র অল্প বয়সেই বিশ্ব ফুটবলে নিজের অবস্থান শক্ত করে নিয়েছেন ইয়ামাল। ২০২৫ সালের ব্যালন ডি’অর র্যাংকিংয়ে দ্বিতীয় স্থান অর্জন করা এই স্প্যানিশ তারকা এখন পর্যন্ত বার্সেলোনার হয়ে ১৫১ ম্যাচে ৪৯টি গোল করেছেন। পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ৫২টি গোল করিয়েছেন।
সবশেষ মৌসুমেও ছিলেন দুর্দান্ত ছন্দে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে ২৪টি গোল করার পাশাপাশি ১৮টি অ্যাসিস্ট করেছেন তিনি, যা তাকে ইউরোপের সবচেয়ে আলোচিত তরুণ ফুটবলারদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
জাতীয় দলের জার্সিতেও সমানভাবে নিজের প্রতিভার ছাপ রেখেছেন ইয়ামাল। বার্সেলোনার হয়ে তিনটি লা লিগা শিরোপা জয়ের পাশাপাশি স্পেনের হয়ে ইতোমধ্যে ২৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপজয়ী দলের সদস্য এই উইঙ্গার ২০২৩ সালের সেপ্টেম্বরে অভিষেকের পর জাতীয় দলের হয়ে ছয়টি গোলও করেছেন।
বর্তমানে চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন ইয়ামাল। আসন্ন বিশ্বকাপে স্পেনের অন্যতম বড় ভরসা হিসেবে তাকে দেখা হচ্ছে। সেই প্রত্যাশাকেই আরও জোরালো করেছেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের তারকা ভিনিসিয়ুস জুনিয়রের প্রশংসাসূচক মন্তব্য।
ইংল্যান্ড গোলরক্ষকের বোতল নিয়ে আর্জেন্টিনার খেলোয়াড়দের হাস্যরস
মেসির সঙ্গে উত্তপ্ত মুহূর্ত নিয়ে ব্যাখ্যা দিলেন বেলিংহ্যাম
মেসির কোলে থাকা শিশুই এবার বিশ্বকাপ ফাইনালে প্রতিপক্ষ