বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে ফিফার সিদ্ধান্ত

আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালকে ঘিরে হাফটাইম বিরতির দৈর্ঘ্য নিয়ে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছে ফিফা। ৩০ থেকে ৪০ মিনিট বিরতির গুঞ্জন ও সমালোচনার পর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ফাইনালের মধ্যবর্তী বিরতি হবে সর্বোচ্চ ১৭ মিনিট।

ফিফা ইতোমধ্যে স্পেন ও আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। প্রচলিত ১৫ মিনিটের হাফটাইমের তুলনায় এবার বিরতি বাড়ানো হয়েছে মাত্র দুই মিনিট।

এই ১৭ মিনিটের মধ্যে ১১ মিনিট বরাদ্দ থাকবে উদ্বোধনী হাফটাইম শোর জন্য। বাকি প্রায় ছয় মিনিটে মঞ্চ স্থাপন ও সরিয়ে নেওয়ার পাশাপাশি মাঠে পানি দেওয়া এবং খেলার প্রস্তুতির কাজ সম্পন্ন করা হবে।

ফিফার নিশ্চিত করা তথ্য অনুযায়ী, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আয়োজিত ফাইনালের হাফটাইম শোতে পারফর্ম করবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবার।

এর আগে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস এবং ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের নামও আলোচনায় এলেও চূড়ান্ত তালিকায় তাদের রাখা হয়নি।

অন্যদিকে, চলমান বিশ্বকাপে প্রচণ্ড গরমের কারণে চালু থাকা হাইড্রেশন ব্রেক ফাইনালেও বহাল থাকবে। আগের ম্যাচগুলোর মতোই প্রতি অর্ধে একটি করে পানি পানের বিরতি রাখা হবে।