বিশ্বকাপ ফুটবলের ফাইনালের আগে নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রকৃতি। কানাডার দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের বায়ুমান মারাত্মকভাবে অবনতি হয়েছে। এর জেরে নিউ জার্সিতে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে দেখা দিয়েছে শঙ্কা।
দক্ষিণমুখী বাতাসে দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়ায় শুক্রবার (১৭ জুলাই) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির বায়ুমান সূচক (একিউআই) ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছে যায়। পরিস্থিতির কারণে স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের অপ্রয়োজনীয়ভাবে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে।
আগামীকাল রোববার রাত ১ টায় ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা নিউ জার্সির মেডোল্যান্ডসের উন্মুক্ত স্টেডিয়ামে। সেখানে প্রায় ৮০ হাজার দর্শক উপস্থিত থাকার কথা রয়েছে। যদিও শুক্রবারের তুলনায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবুও সংবেদনশীল মানুষের জন্য বায়ুমান এখনও ঝুঁকিপূর্ণ। বৃহস্পতিবার ঘন ধোঁয়ার কারণে ম্যানহাটনের উঁচু ভবনগুলো পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছিল না।
এদিকে ডেট্রয়েট ও শিকাগোর বায়ুমান আরও খারাপ অবস্থায় পৌঁছেছে। বৈশ্বিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার জানিয়েছে, শহর দুটি বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে রয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তর (এনডব্লিউএস) সতর্ক করে জানিয়েছে, শনিবার সকালে ধোঁয়ার ঘনত্ব আরও বাড়তে পারে।
ফিফার নজর পরিস্থিতির ওপর
ফাইনাল ঘিরে উদ্বেগ থাকলেও ফিফা জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ম্যাচ আয়োজনের ক্ষেত্রে তাৎক্ষণিক কোনো বড় ঝুঁকি দেখছে না। তবে সংস্থাটি জানিয়েছে, আবহাওয়া ও বায়ুমানের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি জানিয়েছেন, বিষয়টি নিয়ে ফিফা ও মার্কিন কর্তৃপক্ষ নিয়মিত সমন্বয় করছে। ফিফা সদর দপ্তরে জাতীয় আবহাওয়া অধিদপ্তরের একজন বিশেষজ্ঞ সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। একই সঙ্গে এই ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বৈঠকেরও খবর পাওয়া গেছে।
কী বলছেন বিশেষজ্ঞরা?
জাতীয় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ পিটার মুলিনাক্সের মতে, গ্রেট লেকস অঞ্চল থেকে উত্তর-পূর্ব যুক্তরাষ্ট্রে আরও ধোঁয়া প্রবেশ করতে পারে। এতে আকাশ ঝাপসা থাকতে পারে, তবে ফাইনালের দিন পরিস্থিতির উন্নতির সম্ভাবনাও রয়েছে। তার ধারণা, ম্যাচ বাতিলের মতো পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা কম।
অন্যদিকে মেরিল্যান্ডের বায়ুমান পূর্বাভাসকারী জোয়েল ড্রিসেন বলেন, সপ্তাহান্তের ঝড়ের পর উত্তর দিক থেকে নতুন করে ধোঁয়া দক্ষিণে নেমে আসে কি না, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কয়েকটি আবহাওয়া মডেল নতুন করে ধোঁয়া ছড়িয়ে পড়ার ইঙ্গিত দিচ্ছে।
আবহাওয়ার চ্যালেঞ্জ নতুন নয়
চলমান বিশ্বকাপে আবহাওয়ার কারণে এর আগেও কয়েকটি ম্যাচে বিঘ্ন ঘটেছে। যদিও সেগুলোর কারণ ছিল ঝড় ও বৈরী আবহাওয়া, দাবানলের ধোঁয়া নয়। মেক্সিকোর দুটি ম্যাচের একটি এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছিল, আরেকটি স্থগিত হওয়ার গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই শুরু হয়।
এর পাশাপাশি জুলাইয়ের তীব্র তাপপ্রবাহ নিয়েও আগে থেকেই সতর্ক করেছিলেন আবহাওয়াবিদরা। বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডার বিস্তীর্ণ অঞ্চলে শক্তিশালী ‘হিট ডোম’ বা তাপবলয়ের প্রভাবে অনেক শহরের তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর পূর্বাভাস রয়েছে। সেই তীব্র গরমের সঙ্গে এখন দাবানলের ধোঁয়াও যোগ হওয়ায় বিশ্বকাপের শেষ পর্বে আবহাওয়া বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
এখন সবকিছু নির্ভর করছে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার আবহাওয়ার ওপর। পরিস্থিতি স্বাভাবিক থাকলে নির্ধারিত সময়েই মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল।
সূত্র: আল-জাজিরা
ইয়ামালকে যেভাবে বন্দী রাখতে চান মেসি
আজ সম্মান বাঁচাতে লড়বে ইংল্যান্ড-ফ্রান্স
ফাইনালে মেসি-ইয়ামাল দ্বৈরথ নিয়ে যা বললেন বার্সা সভাপতি
শিশু ইয়ামালের সঙ্গে তোলা সেই ছবি নিয়ে যা বললেন মেসি