ফিফা সভাপতি হিসেবে আরও চার বছরের মেয়াদে দায়িত্ব পালন করতে চান জিয়ান্নি ইনফান্তিনো। ২০৩১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার এই প্রচেষ্টার মধ্যে তাঁর নেতৃত্ব নিয়ে বাড়ছে সমালোচনা। ইউরোপীয় ফুটবল অঙ্গনও এ প্রশ্নে বিভক্ত। এর পাশাপাশি সামনে এসেছে গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন—ফিফার বর্তমান বিধি অনুযায়ী তিনি আদৌ চতুর্থ মেয়াদে নির্বাচনে দাঁড়াতে পারবেন কি না।
২০২৭ সালের ১৮ মার্চ মরক্কোর রাবাতে অনুষ্ঠিত হবে ফিফার ৭৭তম কংগ্রেস। সেখানেই নির্ধারিত হবে, ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থাটির সভাপতি হিসেবে ইনফান্তিনো চতুর্থ মেয়াদে দায়িত্ব নেওয়ার সুযোগ পাবেন কি না। ২০১৬ সালে প্রথমবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি।
বিভিন্ন বিতর্ক থাকলেও ফিফার ২১১ সদস্য দেশের অনেকগুলোর সমর্থন এখনো ইনফান্তিনোর পক্ষে রয়েছে। অন্যদিকে, তাঁর নেতৃত্বের সমালোচনাকে কার্যকর নির্বাচনী জোটে রূপ দেওয়াই বিরোধীদের জন্য বড় চ্যালেঞ্জ।
ফিফা কংগ্রেসের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন। সংস্থাটির ২১১ সদস্য দেশের প্রত্যেকের একটি করে ভোট রয়েছে। দেশের ফুটবলের মান বা আর্থিক সামর্থ্য—কোনোটিই ভোটের সংখ্যায় প্রভাব ফেলে না।
ছয়টি মহাদেশীয় ফুটবল কনফেডারেশন সরাসরি সভাপতি নির্বাচন করে না। তবে তাদের রাজনৈতিক প্রভাব এবং সদস্য দেশগুলোকে ঐক্যবদ্ধ করার সক্ষমতা নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ভোটের হিসাবে উয়েফার (ইউরোপ) ৫৫টি, আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) ৫৪টি এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) ৪৬টি ভোট রয়েছে। উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের কনকাকাফের ৩৫টি, ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের ১১টি এবং দক্ষিণ আমেরিকার কনমেবলের ১০টি ভোট রয়েছে।
আফ্রিকা ও এশিয়া মিলিয়ে ভোট ১০০টি। ফলে নির্বাচনে জয়ী হতে হলে এই দুই অঞ্চলের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরোপের ভোটসংখ্যা সবচেয়ে বেশি হলেও শুধু উয়েফার সমর্থন দিয়ে নির্বাচনের ফল নির্ধারণ করা সম্ভব নয়।
দুইয়ের বেশি প্রার্থী থাকলে প্রথম দফার ভোটে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। কোনো প্রার্থী তা অর্জন করতে না পারলে সবচেয়ে কম ভোট পাওয়া প্রার্থী বাদ পড়বেন এবং পরবর্তী দফায় ভোট হবে। শেষ পর্যন্ত দুই প্রার্থী থাকলে সাধারণ সংখ্যাগরিষ্ঠতাই যথেষ্ট।
সভাপতি পদে প্রার্থী হতে হলে আগের পাঁচ বছরের মধ্যে অন্তত দুই বছর ফুটবলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার শর্ত রয়েছে। কোনো সদস্য ফুটবল অ্যাসোসিয়েশনের মনোনয়ন এবং অন্তত পাঁচটি সদস্য অ্যাসোসিয়েশনের সমর্থনও প্রয়োজন। পাশাপাশি ফিফার যোগ্যতা ও সততা যাচাইয়ের প্রক্রিয়ায় উত্তীর্ণ হতে হবে।
১৮ নভেম্বর ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন—জিয়ান্নি ইনফান্তিনো, ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো, জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানসূচক সভাপতি কোজো তাশিমা এবং সুইজারল্যান্ডের সাবেক ফুটবলার রামন ভেগা।
ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী কারা?
ফিলিপ দিয়ালো: ইনফান্তিনোর সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালোকে। উয়েফার ২১ সদস্যের নির্বাহী কমিটি তাঁর প্রতি সমর্থন জানিয়েছে।
ফিফার নেতৃত্বে ইনফান্তিনোর অতিরিক্ত কেন্দ্রীভূত ক্ষমতার সমালোচনা করেছেন দিয়ালো। ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্তসহ তাঁর কয়েকটি পদক্ষেপ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
তবে উয়েফার সমর্থন পাওয়ার অর্থ এই নয় যে দিয়ালো নিশ্চিতভাবে ইউরোপের ৫৫টি ভোট পাবেন। প্রতিটি সদস্য দেশের ভোট দেওয়ার স্বাধীনতা রয়েছে। উয়েফার নির্বাহী কমিটির অবস্থানের সঙ্গে কতগুলো দেশ একমত হবে, তা এখনো স্পষ্ট নয়। ইউরোপের বাইরের দেশগুলোর সমর্থন আদায় করতে পারা দিয়ালোর নির্বাচনী সম্ভাবনার জন্য গুরুত্বপূর্ণ হবে।
কোজো তাশিমা: জাপানের সাবেক ফুটবলার ও কোচ কোজো তাশিমাও সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০১৫ সাল থেকে তিনি ফিফা কাউন্সিলের সদস্য ছিলেন। ফুটবলের সুশাসন ও স্বচ্ছতার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। অন্তত পাঁচটি সদস্য অ্যাসোসিয়েশনের সমর্থনে তাঁর মনোনয়ন জমা পড়েছে বলে নিশ্চিত করেছেন তাশিমা। তবে কোন দেশগুলো তাঁকে সমর্থন দিয়েছে, তা প্রকাশ করেননি।
এশিয়ান ফুটবল কনফেডারেশন ইনফান্তিনোকে সমর্থন করায় তাশিমার নির্বাচনী সম্ভাবনা কিছুটা জটিল হয়ে পড়েছে।
রামন ভেগা: সুইজারল্যান্ডের সাবেক অধিনায়ক রামন ভেগার ব্যবসায়িক অভিজ্ঞতাও রয়েছে। এর আগে ২০১৫, ২০১৯ ও ২০২৩ সালে ফিফা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রতিবারই পরাজিত হয়েছেন তিনি। তিনবারের পরাজয় তাঁর পক্ষে ব্যাপক নির্বাচনী সমর্থন গড়ে তোলার সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
সাবেক আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারের নামও সম্ভাব্য বিকল্প প্রার্থী হিসেবে আলোচনায় এসেছিল। তবে তিনি নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে কনকাকাফের সভাপতি ভিক্টর মন্টাগলিয়ানি নিজের কনফেডারেশনের নেতৃত্বের পদেই মনোযোগ দিতে চান।
ইনফান্তিনোকে হারানো কঠিন কেন?
ইনফান্তিনোর সবচেয়ে বড় শক্তি শুধু বর্তমান সভাপতি হিসেবে তাঁর অবস্থান নয়; ফিফার সদস্য দেশগুলোর বড় অংশের সমর্থনও তাঁর পক্ষে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশেষ করে এশিয়া ও আফ্রিকার কয়েকটি কনফেডারেশনের নেতারা তাঁর নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়েছেন। ইনফান্তিনো নিজেও দাবি করেছেন, জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ তাঁর সঙ্গে রয়েছে।
ছোট দেশগুলোর ফুটবল উন্নয়নে ফিফার অর্থায়ন, উন্নয়ন কর্মসূচি, আন্তর্জাতিক প্রতিযোগিতার পরিসর বৃদ্ধি এবং বাণিজ্যিক সুযোগ সম্প্রসারণ তাঁর সমর্থকদের কাছে ইতিবাচক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
তবে সমালোচকদের বক্তব্য, ফুটবলের বাণিজ্যিক সম্প্রসারণের সঙ্গে ফিফার স্বচ্ছতা, জবাবদিহি ও প্রাতিষ্ঠানিক স্বাধীনতার সমান অগ্রগতি হয়নি।
এ কারণেই ইনফান্তিনোর বিরোধীদের জন্য চ্যালেঞ্জটি কঠিন। ইউরোপের কয়েকজন প্রভাবশালী কর্মকর্তার অসন্তোষ মানেই যে ফিফার অধিকাংশ সদস্য দেশের অবস্থানও একই, তা নয়। দিয়ালো বা অন্য কোনো প্রার্থীকে জিততে হলে বিভিন্ন মহাদেশের সদস্য দেশগুলোর সমর্থন নিয়ে সমন্বিত নির্বাচনী প্রচারণা গড়ে তুলতে হবে। একাধিক প্রতিদ্বন্দ্বী থাকায় বিরোধীদের ভোট ভাগ হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।
ফিফার বাণিজ্যিক উদ্যোগ নিয়ে বিতর্ক
ইনফান্তিনোর মেয়াদে ফিফার সুশাসন নিয়ে সবচেয়ে গুরুতর বিতর্কগুলোর একটি হলো ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামে প্রস্তাবিত বাণিজ্যিক উদ্যোগ।
২০২৬ সালের জুলাইয়ে প্রস্তাবটি সামনে আনা হয়। এর লক্ষ্য ছিল সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ, লাইসেন্সিং, টিকিট বিক্রি ও আতিথেয়তাসেবাসহ ফিফার বড় বাণিজ্যিক কার্যক্রম একটি প্রতিষ্ঠানের অধীনে নিয়ে আসা। নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেই ওই প্রতিষ্ঠানের সংখ্যালঘু অংশীদারত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির সম্ভাবনাও বিবেচনা করেছিল ফিফা।
প্রস্তাব অনুযায়ী, ২০ বিলিয়ন ডলারের সম্ভাব্য বাজারমূল্যের ভিত্তিতে সর্বোচ্চ ৪ দশমিক ২ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার পরিকল্পনা ছিল।
তবে পর্যাপ্ত আলোচনা ও স্বচ্ছতার অভাব এবং ফিফার বাণিজ্যিক কর্মকাণ্ডে বেসরকারি বিনিয়োগকারীদের উল্লেখযোগ্য অংশীদারত্বের সম্ভাবনা নিয়ে সমালোচনা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাইয়ের সঙ্গে উদ্যোগটির সংশ্লিষ্টতার বিষয়টিও প্রশ্নের জন্ম দেয়।
সমালোচনার মুখে ৩১ জুলাই প্রস্তাবটি প্রত্যাহার করা হয়। ফিফা কাউন্সিলের সদস্যদের কাছে ক্ষমাও চান ইনফান্তিনো।
পরে বিষয়টি আইনি জটিলতায় গড়ায়। প্রকল্পটি নিয়ে ফিফার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কি না, তা খতিয়ে দেখতে উয়েফা যুক্তরাষ্ট্রের আদালতের মাধ্যমে প্রমাণ সংগ্রহের উদ্যোগ নেয়। তবে প্রমাণ সংগ্রহের প্রক্রিয়ায় ফিফার যুক্তরাষ্ট্রভিত্তিক সহযোগী প্রতিষ্ঠানগুলোকে যুক্ত হওয়ার অনুমতি দেননি বিচারক।
ট্রাম্পকে শান্তি পুরস্কার, ফিফার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন
ট্রাম্পের সঙ্গে ইনফান্তিনোর ঘনিষ্ঠ সম্পর্কও তাঁর নেতৃত্বের সমালোচনার অন্যতম কারণ হয়ে উঠেছে। ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক ও জনসমাগমমূলক অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গেছে।
২০২৫ সালের ডিসেম্বরে ওয়াশিংটনে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ফিফা প্রথমবারের মতো ‘শান্তি পুরস্কার’ চালু করে এবং সেটি ট্রাম্পকে দেয়। পুরস্কারটির মানদণ্ড, স্বচ্ছতা এবং ফিফার ঘোষিত রাজনৈতিক নিরপেক্ষতার নীতির সঙ্গে এর সামঞ্জস্য নিয়ে প্রশ্ন ওঠে।
ফিফা কাউন্সিলের কয়েকজন সদস্য পুরস্কারটি বাতিল করা অথবা রাজনৈতিক প্রভাবমুক্ত করার আহ্বান জানিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০২৬ বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রের একটি ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড পাওয়া খেলোয়াড় ফোলারিন বালোগুনের নিষেধাজ্ঞা নিয়েও ট্রাম্প ইনফান্তিনোর সঙ্গে যোগাযোগ করেন। লাল কার্ডের সিদ্ধান্ত বহাল থাকলেও ফিফার শৃঙ্খলা কমিটি এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকরের বিষয়টি এক বছরের জন্য স্থগিত করে। এর ফলে বালোগুন বেলজিয়ামের বিপক্ষে খেলতে পেরেছিলেন।
মার্কিন কংগ্রেসের তদন্তের মুখে ইনফান্তিনো?
ট্রাম্প প্রশাসনের সঙ্গে ফিফার সম্পর্ক নিয়ে ওয়াশিংটনেও সমালোচনা রয়েছে।
জুলাইয়ে ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য জেমি রাসকিন ফিফা ও ট্রাম্প, তাঁর প্রশাসন এবং ট্রাম্প অর্গানাইজেশনের মধ্যে যোগাযোগের নথি চেয়েছিলেন।
ট্রাম্প, তাঁর পরিবার কিংবা তাঁদের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ফিফা কোনো উপহার, অর্থ বা অন্য সুবিধা দিয়েছে কি না, সে তথ্যও চেয়েছিলেন তিনি। পাশাপাশি নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে ফিফার কার্যালয়ে যাতায়াতের নথি চাওয়া হয়।
ফিফার বাণিজ্যিক ও বিশ্বকাপ-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা হয়েছিল কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাসকিন। ইনফান্তিনোর সাক্ষাৎকারের লিখিত প্রতিলিপি এবং সংশ্লিষ্ট যোগাযোগের নথি সংরক্ষণেরও অনুরোধ জানান তিনি।
মধ্যবর্তী নির্বাচনের পর ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ায় রাসকিনের হাতে বিচার বিভাগবিষয়ক কমিটির চেয়ারম্যান হওয়ার সুযোগ তৈরি হয়েছে। সে ক্ষেত্রে তদন্ত এগিয়ে নেওয়ার ক্ষমতাও বাড়বে তাঁর।
চতুর্থ মেয়াদে ইনফান্তিনোর প্রার্থিতা কি বৈধ?
২০২৭ সালের নির্বাচনে ইনফান্তিনোর অংশগ্রহণ নিয়ে সবচেয়ে বড় প্রশ্নটি আইনি।
ফিফার সংবিধানের ৩৩ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি টানা বা বিরতি দিয়ে সর্বোচ্চ তিন মেয়াদের বেশি সভাপতি নির্বাচিত হতে পারবেন না। তবে ফিফার ভাইস প্রেসিডেন্ট বা কাউন্সিল সদস্য হিসেবে দায়িত্ব পালনের সময় এই মেয়াদসীমার মধ্যে গণনা করা হবে না।
২০১৬ সালের ফেব্রুয়ারিতে সেপ ব্লাটারের অসমাপ্ত মেয়াদ পূরণের জন্য প্রথমবার সভাপতি নির্বাচিত হন ইনফান্তিনো। এরপর ২০১৯ ও ২০২৩ সালে পুনর্নির্বাচিত হন তিনি।
২০২২ সালের ডিসেম্বরে ফিফা কাউন্সিল সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়, ইনফান্তিনোর ২০১৬–১৯ মেয়াদকে মেয়াদসীমার হিসাবে ধরা হবে না। তাঁদের যুক্তি ছিল, তিনি মূলত তাঁর পূর্বসূরির অসমাপ্ত মেয়াদ পূরণ করেছিলেন।
এই ব্যাখ্যা অনুযায়ী, ২০১৯–২৩ এবং ২০২৩–২৭ মেয়াদ হবে ইনফান্তিনোর গণনাযোগ্য প্রথম ও দ্বিতীয় মেয়াদ। ফলে ২০২৭ সালে জিতলে তিনি চতুর্থবারের মতো সভাপতি হবেন এবং ২০৩১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন।
তবে ফিফার সাবেক গভর্ন্যান্স কমিটির চেয়ারম্যান মিগেল মাদুরো এই ব্যাখ্যার বিরোধিতা করেছেন।
চলতি মাসের শুরুতে সাংবাদিকদের তিনি বলেন, ‘ফিফার সংবিধানের ৩৩ অনুচ্ছেদের দ্বিতীয় অনুচ্ছেদে স্পষ্ট বলা হয়েছে, কোনো ব্যক্তি তিন মেয়াদের বেশি সভাপতি থাকতে পারবেন না।’
মাদুরোর ভাষায়, ‘জিয়ান্নি ইনফান্তিনো তিনবার নির্বাচিত হয়েছেন, তিনি তিন মেয়াদ ফিফার সভাপতি ছিলেন। তাই আমার বিবেচনায়, তাঁকে আরেকটি মেয়াদে সভাপতি হওয়ার সুযোগ দেওয়ার সঙ্গে ওই বিধানের কোনোভাবেই সামঞ্জস্য করা যায় না।’
২০২৭ সালের নির্বাচনে কী ঝুঁকিতে?
প্রাতিষ্ঠানিক সুবিধা ও সদস্য দেশগুলোর সমর্থনের কারণে ইনফান্তিনো এখনো নির্বাচনে এগিয়ে রয়েছেন বলে প্রতিবেদনে মূল্যায়ন করা হয়েছে। তবে বাণিজ্যিক উদ্যোগের স্বচ্ছতা, ট্রাম্পের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক এবং ফিফার পরিচালনব্যবস্থা নিয়ে সমালোচনা তাঁর নেতৃত্বকে চাপে রেখেছে।
তাঁর প্রতিদ্বন্দ্বীদের প্রমাণ করতে হবে, ইনফান্তিনোর নেতৃত্বের বিরোধিতা কেবল কয়েকজন প্রভাবশালী ইউরোপীয় কর্মকর্তার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং অধিকাংশ জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সমর্থনও তাঁদের পক্ষে রয়েছে।
তাই ২০২৭ সালের নির্বাচন হবে দুটি বড় পরীক্ষার। রাজনৈতিকভাবে এটি দেখাবে, ইনফান্তিনোকে সরাতে বিরোধীরা কার্যকর জোট গড়তে পারে কি না। আর আইনি দিক থেকে নির্ধারিত হবে, ফিফার তিন মেয়াদের সীমা কীভাবে ব্যাখ্যা করা হবে এবং ২০১৬–১৯ মেয়াদটি গণনায় আসবে কি না।
বিতর্কে ফিফার নেতৃত্ব প্রশ্নের মুখে পড়লেও তাতে ইনফান্তিনোর পরাজয় নিশ্চিত হয়ে যায়নি।