ইরান রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে: ট্রাম্প

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ এএম

ইরান রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে—এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, মার্কিন হামলার কারণে তেহরানের পক্ষে পারমাণবিক সক্ষমতা অর্জনের প্রচেষ্টা চালানো আরও কঠিন হয়ে পড়েছে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান ‘গ্যাস ও জীবাণু অস্ত্র’ নিয়ে কাজ করার চেষ্টা করছে। তবে তাঁর এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি।

ট্রাম্প আরও দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ যুক্তরাষ্ট্র শুরু করেনি; বরং এই সংঘাতের সূত্রপাত ৫১ বছর আগে।

গত আট মাসে ইরানের কর্তৃপক্ষ ৭৫ হাজার বিক্ষোভকারীকে হত্যা করেছে বলেও অভিযোগ করেন তিনি। তবে এই সংখ্যার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ইরান সরকারের হিসাবে, বিক্ষোভে প্রায় ৩ হাজার মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে, আন্দোলনকারীদের অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের দাবি, রাষ্ট্রীয় দমন-পীড়নে নিহতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে।

ট্রাম্পের দাবি, ইরানিরা বিক্ষোভ করতে চান, কিন্তু নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হওয়ার আশঙ্কায় তাঁরা ভয়ে রয়েছেন।

ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য কোনো হামলা নিয়ে সেখানকার বাসিন্দাদের উদ্বিগ্ন হওয়া উচিত কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি তেমন আশঙ্কা করছেন না। তবে হামলা হলে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

ট্রাম্প বলেন, ‘এমন কিছু ঘটলে আমরা তাদের নিশ্চিহ্ন করে দেব।’

এটি প্রতিশ্রুতি কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আপনাকে কথা দিচ্ছি।’

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত