মহামারির সময় শুরু হয়েছিল প্রতিদিন ৫ কিলোমিটার হাঁটা বা দৌড়ানোর অভ্যাস। সেই অভ্যাসই কয়েক বছর পর অসাধারণ এক মাইলফলকে পৌঁছে দিয়েছে যুক্তরাষ্ট্রের ওকলাহোমার ৮০ বছর বয়সী মেই ডিন আরবকে। টানা ১ হাজার দিন প্রতিদিন ৫ কিলোমিটার হাঁটা বা দৌড় শেষ করেছেন তিনি।
করোনাভাইরাস মহামারির সময় মানুষ যখন ঘরবন্দি হয়ে পড়েছিল, তখন ওকলাহোমার ব্ল্যাকগামের চেরোকি নারী মেই ডিন আরব ঠিক করেন, পরিস্থিতিকে তাঁর মনোবল ভেঙে দিতে দেবেন না। তিনি প্রতিদিন ৫ কিলোমিটার হাঁটা বা দৌড়ানোর সিদ্ধান্ত নেন। শুরুতে লক্ষ্য ছিল টানা ১০০ দিন এই অভ্যাস চালিয়ে যাওয়া।
প্রতিদিন নির্দিষ্ট দূরত্ব হাঁটা বা দৌড়ানোর সেই যাত্রা থামেনি ১০০ দিন পরও। ধীরে ধীরে এটি তাঁর জীবনের নিয়মিত অভ্যাসে পরিণত হয়। কয়েক বছর পর সেই ধারাবাহিকতা গড়ায় ১ হাজার দিনে। ৮০তম জন্মদিনের পর মার্চের শুরুতে তিনি পূর্ণ করেন তাঁর ১ হাজারতম ৫ কিলোমিটার।
মেই ডিনের মেয়ে জুলি আরব-আলভারেজ বলেন, কীভাবে তাঁর মা টানা ১ হাজার দিন প্রতিদিন ৫ কিলোমিটার হাঁটা বা দৌড় চালিয়ে গেছেন, তা তিনি নিজেও জানেন না। তবে তাঁর মা যে কাজটি করেছেন, সেটি নিঃসন্দেহে অসাধারণ।
মেই ডিন আরব জানিয়েছেন, শিগগিরই এই অভ্যাস ভাঙার কোনো পরিকল্পনা তাঁর নেই। বয়স বাড়ার সঙ্গে মাঝেমধ্যে হাঁটুর সমস্যা হলেও অন্য কোনো শারীরিক অসুবিধা তাঁকে নিয়মিত হাঁটা বা দৌড়ানো থেকে বিরত রাখতে পারেনি।
তিনি বলেন, নিজের এবং পরিবারের জন্য নিয়মিত হাঁটা বা দৌড়ানো খুবই ভালো একটি অভ্যাস। বিশেষ করে তাঁর চার বছর বয়সী নাতিকে নিয়ে সক্রিয় থাকতে চান তিনি। নাতি যদি ভুল দিকে দৌড় দেয়, তাকে ধরতে বা কোলে তুলে নিতে যেন তিনি যথেষ্ট তরুণ ও সক্ষম থাকেন—এটিও তাঁকে নিয়মিত শরীরচর্চায় উৎসাহ দেয়।
৮০ বছর বয়সে প্রতিদিন ৫ কিলোমিটার হাঁটা বা দৌড়ানোর একটি সহজ বার্তাই দিয়েছেন—সক্রিয় থাকার জন্য বয়স কোনো বাধা নয়। নিজের প্রতি যত্ন, নিয়মিত শরীরচর্চা এবং ইতিবাচক মানসিকতাই পারে জীবনের যেকোনো বয়সে নতুন লক্ষ্য তৈরি করতে।