২ লাখ টাকায় কুকুরকে কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি!

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ পিএম

চীনে এক নারী তার পোষা কুকুরছানাকে কিন্ডারগার্টেনে ভর্তি করিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন। ছয় মাস বয়সী সাদা লোমশ স্যাময়েড প্রজাতির এই কুকুরটি শুধু আদুরে নয়, এখন নিয়মিত ‘ক্লাস’ও করছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের খবর অনুযায়ী, কুকুরটির মালিক ‘তাওতাও’ নামের ওই নারী পোষ্যটিকে শিষ্টাচার শেখানো ও নির্দেশ বুঝতে সক্ষম করে তুলতেই এই ব্যয়বহুল সেবাটি বেছে নিয়েছেন। এজন্য তাকে খরচ করতে হয়েছে প্রায় ১২ হাজার ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় দুই লাখ টাকারও বেশি।

এই ‘ডগ কিন্ডারগার্টেন’-এ কুকুরটির আচরণ মূল্যায়নের জন্য আলাদা পরীক্ষা নেওয়া হয়। অতিরিক্ত ঘেউ ঘেউ বা আক্রমণাত্মক আচরণ কমাতে দেওয়া হয় বিশেষ প্রশিক্ষণ। পাশাপাশি অন্যান্য কুকুরের সঙ্গে মেলামেশার জন্য বিভিন্ন সামাজিক কার্যক্রমও রাখা হয়।

সেবার অংশ হিসেবে প্রতিদিন কুকুরটিকে বাড়ি থেকে নিয়ে যাওয়া ও ফেরত দেওয়ার সুবিধা রয়েছে। মালিক চাইলে অনলাইনে সরাসরি তার পোষ্যের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারেন। এমনকি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও রয়েছে, তবে খাবারের খরচ আলাদাভাবে দিতে হয়।

ব্যস্ত কর্মজীবনের কারণে পোষা প্রাণীর জন্য যথেষ্ট সময় দিতে পারেন না বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তাওতাও। তার মতে, উন্নত যত্ন ও প্রশিক্ষণের জন্য এটি একটি কার্যকর ব্যবস্থা।

চীনে পোষা প্রাণীকে পরিবারের সদস্য হিসেবে দেখার প্রবণতা দ্রুত বাড়ছে। ফলে তাদের জন্য ব্যয়বহুল সেবা গ্রহণেও আগ্রহ বাড়ছে।

২০২৬ সালের চায়না পেট ইন্ডাস্ট্রি হোয়াইট পেপার অনুযায়ী, ২০২৫ সালে দেশটির শহরাঞ্চলে পোষা প্রাণী খাতে ব্যয় দাঁড়িয়েছে ৩১২ দশমিক ৬ বিলিয়ন ইউয়ানে, যা ২০২৮ সালের মধ্যে ৪০৫ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যেতে পারে।

এদিকে ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। কেউ বিস্ময় প্রকাশ করছেন, আবার কেউ বলছেন, অনেকে নিজের সন্তানের শিক্ষার পেছনেও এত খরচ করেন না! সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

AS/FJ
আরও পড়ুন