ভ্যান গঘের চিত্রকর্ম বিক্রি হলো ১৯ কোটি ৪০ লাখ ডলারে, গড়ল নতুন রেকর্ড

বিশ্বখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের একটি চিত্রকর্ম নিউইয়র্কে সোথেবির নিলামে ১৯ কোটি ৪০ লাখ ডলারে বিক্রি হয়েছে। বুধবারের এ বিক্রির মধ্য দিয়ে নিলামে ভ্যান গঘের কোনো চিত্রকর্মের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড তৈরি হয়েছে। একই সঙ্গে নিউইয়র্কে সোথেবির নিলামঘরের ইতিহাসেও এটি একটি রেকর্ড।

চিত্রকর্মটির নাম ‘শাতানিয়ে আঁ ফ্লর’ (Chataigniers en fleurs), যার ইংরেজি নাম ‘ব্লসমিং চেস্টনাট ট্রিজ’। প্রায় ৬০ বছর ধরে এটি জনসমক্ষে প্রদর্শিত হয়নি।

নিলাম প্রতিষ্ঠান সোথেবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, বুধবার রাতে নিউইয়র্কের নিলামে চিত্রকর্মটি ১৯ কোটি ৪০ লাখ ডলারে বিক্রি হয়ে শিল্পীর কাজের নতুন রেকর্ড গড়েছে।

১৮৯০ সালে আঁকা ছবিটিতে সন্ধ্যার আলোয় ফুটে থাকা একটি বিশাল চেস্টনাট গাছের দৃশ্য তুলে ধরেছেন ভ্যান গঘ।

ফি-সহ ১৯ কোটি ৪০ লাখ ডলারের এ বিক্রি মূল্যস্ফীতি সমন্বয়ের পর নিলামে বিক্রি হওয়া বিশ্বের ষষ্ঠ সর্বোচ্চ দামের চিত্রকর্ম বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।

চিত্রকর্মটি কিনেছেন অভিজ্ঞ শিল্পকর্ম ব্যবসায়ী ও অ্যাকুয়াভেলা গ্যালারিজের প্রধান উইলিয়াম অ্যাকুয়াভেলা। তবে গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শেষ পর্যন্ত নিলামটি আয়োজন করতে পারাটাই সোথেবির জন্য বড় স্বস্তির বিষয় ছিল।

দ্য নিউইয়র্ক টাইমস জানায়, চিত্রকর্মটির আগের এক মালিকের ইহুদি উত্তরাধিকারীরা গত সপ্তাহে এর মালিকানা নিয়ে দাবি তোলেন। তাঁদের অভিযোগ, নাৎসি নিপীড়নের চাপে ১৯৩০-এর দশকে চিত্রকর্মটি বিক্রি করা হয়েছিল।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার দীর্ঘ দর-কষাকষির পর ওই উত্তরাধিকারী এবং বর্তমান বিক্রেতা আর্জেন্টিনার ব্লাকিয়ের-আরিয়েতা পরিবার একটি অপ্রকাশিত সমঝোতায় পৌঁছায়। এর ফলে নিলাম আয়োজনের পথ তৈরি হয়।

এর আগে ভ্যান গঘের কোনো চিত্রকর্মের সর্বোচ্চ নিলামমূল্যের রেকর্ড ছিল ১১ কোটি ৭২ লাখ ডলার। ২০২২ সালে ক্রিস্টিজ নিলামঘরে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা পল অ্যালেনের সংগ্রহের একটি প্রাকৃতিক দৃশ্যের চিত্রকর্ম এ দামে বিক্রি হয়েছিল। মূল্যস্ফীতি সমন্বয় করলে ওই দাম বর্তমানে প্রায় ১৩ কোটি ৩০ লাখ ডলারের সমান।

এ বছরের সবচেয়ে বড় শিল্পকর্ম নিলামের অন্যতম আকর্ষণ ছিল ভ্যান গঘের নতুন রেকর্ড গড়া ছবিটি। দ্য নিউইয়র্ক টাইমস জানায়, মানসিক চিকিৎসাকেন্দ্রে এক বছর থাকার পর ফ্রান্সের শান্ত গ্রাম আভেরে পৌঁছানোর মাত্র চার দিন পর ছবিটি এঁকেছিলেন শিল্পী। তাঁর মৃত্যুর কয়েক সপ্তাহ আগে আঁকা হয়েছিল এটি।

চিত্রকর্মটি আর্জেন্টিনার ব্লাকিয়ের-আরিয়েতা সংগ্রহের সবচেয়ে মূল্যবান সম্পদ। আর্জেন্টিনার চিনি ব্যবসায়ী পরিবারের উত্তরাধিকারী নেলি আরিয়েতা দে ব্লাকিয়ের ও তাঁর স্বামী কার্লোস পেদ্রো ব্লাকিয়ের ইমপ্রেশনিস্ট ও আধুনিক শিল্পকলার এই সংগ্রহ গড়ে তুলেছিলেন।

শিল্পবিশেষজ্ঞদের আশঙ্কা ছিল, মালিকানা নিয়ে বিরোধের কারণে নিলামটি জটিল পরিস্থিতিতে পড়তে পারে। তবে শেষ পর্যন্ত বিক্রিটি প্রত্যাশার চেয়েও ভালো ফল নিয়ে আসে।

সোথেবির জ্যেষ্ঠ উপদেষ্টা সাইমন শ বলেন, ‘এই চিত্রকর্মটির জন্য আমরা ২০ বছর ধরে স্বপ্ন দেখছিলাম।’

দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ব্লাকিয়ের-আরিয়েতা সংগ্রহের আরেকটি ভ্যান গঘের চিত্রকর্মের বিক্রির সঙ্গেও এবারের নিলামের মিল রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে পত্রিকাটি জানায়, এক বছরেরও কম সময় আগে ক্রিস্টিজের মাধ্যমে ব্যক্তিগত লেনদেনে ওই ছবিটি বিক্রি হয়েছিল।

১৮৮৮ সালে আঁকা ‘লে জুয়াভ’ (Le Zouave) নামের ওই ছবিতে আত্মবিশ্বাসী ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা এক সৈনিকের প্রতিকৃতি তুলে ধরা হয়েছে। চিত্রকর্মটি প্রায় ১৯ কোটি ডলারে বিক্রি হয়েছিল।