মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। একই রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় একটি ফ্লাইওভারের নিচে পরপর কয়েকটি পেট্রোলবোমা বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। পৃথক এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার গোড়াই হাইওয়ে থানার পাশে মহাসড়কসংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর কয়েক মিনিট পর একই এলাকার হাটুভাঙ্গা ফ্লাইওভারের ওপর থেকে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। এ সময় আশপাশে আরও কয়েকটি পেট্রোলবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

স্থানীয়দের ভাষ্য, রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা প্রথমে গোড়াই হাইওয়ে থানার পাশে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেয়। এতে স্মৃতিস্তম্ভটি পুড়ে যায়। এর কিছুক্ষণ পর গোড়াই ফ্লাইওভারের নিচে একের পর এক পেট্রোলবোমার বিস্ফোরণ ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্মৃতিস্তম্ভটি পুড়ে যায়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাতেই বিক্ষোভ সমাবেশ, মোটরসাইকেল শোডাউন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম এবং গোড়াই ইউনিয়ন শ্রমিক দল নেতা হাবিব, মামুন ও আরিফের নেতৃত্বে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

হঠাৎ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণের ঘটনায় গোড়াইসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশাপাশি স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে মির্জাপুর থানা ও গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাশকতা প্রতিরোধে গত কয়েক দিন ধরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, গোড়াই শিল্পাঞ্চল, মির্জাপুর উপজেলা সদরসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত