গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা

আপনি কি ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য গুগল ক্রোম (Google Chrome) ব্যবহার করেন? তবে এখনই সতর্ক হওয়ার সময় এসেছে। ব্রাউজারটির একটি গুরুতর নিরাপত্তা ত্রুটির কারণে হ্যাকাররা দূর থেকেই আপনার কম্পিউটারের নিয়ন্ত্রণ নিতে পারে বলে সতর্ক করেছে ভারতের জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা ‘সার্ট-ইন’ (CERT-In)। সংস্থাটি এই বিষয়টিকে ‘হাই-সিকিউরিটি অ্যালার্ট’ হিসেবে চিহ্নিত করেছে।

কেন এই সতর্কতা?

ভারতের ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ এই সংস্থাটি জানিয়েছে, গুগল ক্রোমের পুরনো সংস্করণগুলোতে বিশেষ কিছু কারিগরি ত্রুটি ধরা পড়েছে। মূলত ব্রাউজারের সিএসএস (CSS) উপাদানে ‘Use-After-Free’ নামক একটি মেমরি বাগ বা ত্রুটি পাওয়া গিয়েছে।

এর ফলে ব্রাউজার কোনো মেমরি ডাটা পরিষ্কার করার পরেও তা ব্যবহার করতে থাকে। হ্যাকাররা এই সুযোগটি কাজে লাগিয়ে ব্যবহারকারীকে কোনো ক্ষতিকারক লিঙ্ক বা ভুয়া ওয়েবসাইটে নিয়ে গিয়ে পুরো সিস্টেমের নিয়ন্ত্রণ নিতে পারে।

ঝুঁকির মুখে যে সংস্করণগুলো

নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, আপনি যদি নিচের সংস্করণগুলোর চেয়ে পুরনো কোনো ভার্সন ব্যবহার করেন, তবে আপনার ডিভাইসটি চরম ঝুঁকির মধ্যে রয়েছে:

  • উইন্ডোজ এবং ম্যাক: ১৪৫.০.৭৬৩২.৭৫/৭৬-এর চেয়ে পুরনো সংস্করণ।
  • লিনাক্স: ১৪৪.০.৭৫৫৯.৭৫-এর চেয়ে পুরনো সংস্করণ।

সফল হ্যাকিংয়ের পরিণাম

যদি কোনো সাইবার অপরাধী এই দুর্বলতাকে কাজে লাগিয়ে সফলভাবে কোনো কোড আপনার সিস্টেমে প্রবেশ করাতে পারে, তবে তিনি:

  • আপনার অজান্তেই কম্পিউটারে ম্যালওয়্যার ইনস্টল করতে পারবেন।
  • ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য চুরি করতে পারবেন।
  • পুরো সিস্টেমের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে গুপ্তচরবৃত্তি চালাতে পারবেন। এই বিপদের জন্য হ্যাকারের আপনার ডিভাইসে সরাসরি আসার প্রয়োজন নেই; স্রেফ একটি লিঙ্কে ক্লিক করাই আপনার জন্য বড় বিপদ ডেকে আনতে পারে।

সুরক্ষায় করণীয়: কীভাবে আপডেট করবেন?

এই ঝুঁকি থেকে বাঁচতে দ্রুত ক্রোম ব্রাউজারটি আপডেট করার পরামর্শ দিয়েছে গুগল ও সাইবার বিশেষজ্ঞরা। আপডেট করার সহজ পদ্ধতি:

  • ব্রাউজারের ডানদিকের উপরে থাকা থ্রি-ডট (Three-dot) মেনুতে ক্লিক করুন।
  • সেখান থেকে Settings অপশনে যান।
  • বাঁদিকের প্যানেল থেকে একদম নিচে থাকা About Chrome-এ ক্লিক করুন।
  • ক্রোম স্বয়ংক্রিয়ভাবে আপডেট ডাউনলোড করবে।
  • ডাউনলোড শেষে Relaunch বাটনে ক্লিক করে ব্রাউজারটি পুনরায় চালু করুন।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ব্যবহারকারীদের দ্রুত এই আপডেট করতে হবে, যাতে সাইবার হামলার ঝুঁকি থেকে রক্ষা পাওয়া যায়।