বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) নিয়ে চলা তুমুল প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিয়েছে টেক জায়ান্ট অ্যাপল। প্রতিষ্ঠানটি তাদের ভার্চুয়াল সহকারী ‘সিরি’ (Siri)-র আমূল পরিবর্তন ও এআই পণ্য বিপণন ব্যবস্থার ভাইস প্রেসিডেন্ট হিসেবে গুগলের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা লিলিয়ান রিনকন-কে নিয়োগ দিয়েছে।
লিলিয়ান রিনকন গুগল-এ প্রায় এক দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি গুগলের শপিং এবং গুগল অ্যাসিস্ট্যান্ট বিভাগের প্রধান হিসেবে সফলভাবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন। অ্যাপলে যোগ দিয়ে তিনি সরাসরি প্রতিষ্ঠানের মার্কেটিং প্রধান গ্রেগ জসউইয়াক-এর অধীনে কাজ করবেন এবং অ্যাপলের ভবিষ্যৎ এআই পণ্যগুলোর বাজারজাতকরণ কৌশল নির্ধারণ করবেন।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই নিয়োগের প্রধান উদ্দেশ্য হলো অ্যাপলের ভার্চুয়াল সহকারী সিরি-র সক্ষমতা বৃদ্ধি করা। অ্যাপল দীর্ঘদিন ধরে এআই দৌড়ে গুগল বা ওপেন এআই এর তুলনায় কিছুটা পিছিয়ে ছিল। বিশেষ করে চ্যাটবট ও স্মার্ট অ্যাসিস্ট্যান্ট খাতে সিরি-র কার্যকারিতা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে কিছুটা অতৃপ্তি ছিল। লিলিয়ানের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চলতি বছরেই সিরি-র একটি উন্নত ও শক্তিশালী এআই সংস্করণ বাজারে আনার পরিকল্পনা করছে অ্যাপল।
প্রযুক্তি মহলে জোরালো গুঞ্জন রয়েছে যে, সিরি-র নতুন সংস্করণে গুগলের ‘জেমিনি এআই’ (Gemini AI) মডেলের প্রযুক্তি ব্যবহার করা হতে পারে। যদি এটি সত্যি হয়, তবে সিরি আগের চেয়ে অনেক বেশি নির্ভুলভাবে তথ্য প্রদান ও ব্যবহারকারীর জটিল সব নির্দেশনা পালন করতে সক্ষম হবে।
সাম্প্রতিক এই নিয়োগ প্রমাণ করে যে, অ্যাপল এখন এআই খাতে কেবল বিনিয়োগই বাড়াচ্ছে না, বরং প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়ে এসে বাজারে বড় ধরণের কৌশলী পরিবর্তন আনতে চাইছে। এআই-নির্ভর নতুন ফিচারগুলো বাজারে এলে তা আইফোন ও ম্যাক ব্যবহারকারীদের অভিজ্ঞতায় এক বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে।
শিশুদের আসক্ত করার দায়ে মেটা ও গুগলকে ৬০ লাখ ডলার জরিমানা
