বর্তমানের ডিজিটাল যুগে ভিডিও স্ট্রিমিংয়ের সমার্থক হয়ে দাঁড়িয়েছে ইউটিউব। মাসে প্রায় ২৫০ কোটিরও বেশি সক্রিয় ব্যবহারকারী নিয়ে এই প্ল্যাটফর্মটি এখন বিশ্বের বৃহত্তম ভিডিও লাইব্রেরি। তবে ভিডিও দেখার মাঝপথে ঘনঘন বিজ্ঞাপনের আনাগোনা অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে স্মার্ট টিভি বা মোবাইল অ্যাপে দীর্ঘ বিজ্ঞাপনের কারণে দর্শকদের অভিজ্ঞতা বাধাগ্রস্ত হয়।
ইউটিউব মূলত বিজ্ঞাপন থেকেই তাদের আয়ের সিংহভাগ অর্জন করে, যার একটি অংশ পান কনটেন্ট নির্মাতারা। তবে ব্যবহারকারীরা চাইলে কিছু কৌশল অবলম্বন করে এই বিজ্ঞাপনের যন্ত্রণা থেকে কিছুটা মুক্তি পেতে পারেন।
বিজ্ঞাপন স্কিপ ও নিয়ন্ত্রণ
বেশিরভাগ ইন-স্ট্রিম বিজ্ঞাপন ১৫ সেকেন্ড বা তার কম সময়ের হয়। সাধারণত ৫ সেকেন্ড দেখার পর ‘স্কিপ অ্যাডস’ বোতামটি সচল হয়। এছাড়া একই বিজ্ঞাপন বারবার দেখালে ‘About this ad’ অপশন থেকে ‘Stop seeing this ad’ নির্বাচন করা যেতে পারে। এতে নির্দিষ্ট ওই বিজ্ঞাপনটি আপনার ফিডে আসা বন্ধ হবে।
সবচেয়ে কার্যকর সমাধান ‘প্রিমিয়াম’
বিজ্ঞাপন থেকে পুরোপুরি মুক্তি পাওয়ার সবচেয়ে বৈধ ও কার্যকর উপায় হলো ‘ইউটিউব প্রিমিয়াম’ (YouTube Premium) সাবস্ক্রিপশন গ্রহণ করা। এতে কোনো বিজ্ঞাপন ছাড়াই নিরবচ্ছিন্ন ভিডিও দেখা যায় এবং ব্যাকগ্রাউন্ড প্লে সুবিধা পাওয়া যায়। পাশাপাশি কনটেন্ট নির্মাতারাও তাদের প্রাপ্য লভ্যাংশ পান।
অ্যাড ব্লকার ও ব্রাউজার পরিবর্তন
একসময় গুগল ক্রোম ব্রাউজারে অ্যাড ব্লকার এক্সটেনশন ব্যবহার করে সহজেই বিজ্ঞাপন এড়ানো যেত। তবে গুগল সম্প্রতি তাদের ‘ম্যানিফেস্ট ভি৩’ (Manifest V3) নীতির মাধ্যমে অনেক জনপ্রিয় এক্সটেনশনের কার্যকারিতা সীমিত করেছে। ফলে বিকল্প হিসেবে অনেক ব্যবহারকারী এখন ব্রেভ (Brave), অপেরা (Opera) কিংবা মজিলা ফায়ারফক্স (Mozilla Firefox)-এর মতো ব্রাউজার ব্যবহার করছেন। তবে ইউটিউব কর্তৃপক্ষ ক্রমাগত তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় এসব বিকল্প পদ্ধতির স্থায়িত্ব সবসময় নিশ্চিত নয়।
বিশেষজ্ঞদের মতে, নিরবচ্ছিন্ন ও নিরাপদ অভিজ্ঞতার জন্য ইউটিউব প্রিমিয়ামই সেরা সমাধান। তবে যারা খরচ করতে চান না, তারা ব্রাউজার সেটিংস বা বিজ্ঞাপনের ফিডব্যাক অপশন ব্যবহার করে কিছুটা স্বস্তি পেতে পারেন।