নারীদের নিরাপত্তা জোরদারে ‘উইমেন সেফটি অ্যাপ’-এ ‘ফোন শেক’ নামে নতুন একটি সুবিধা চালু করেছে পাকিস্তানের পাঞ্জাব সেফ সিটিজ অথরিটি (পিএসসিএ)। এর মাধ্যমে বিপদের সময় মোবাইল ফোন ঝাঁকালেই পুলিশের কাছে জরুরি (এসওএস) সংকেত পাঠানো যাবে। ফলে সংকটময় পরিস্থিতিতে জরুরি নম্বরে কল করার প্রয়োজন হবে না।
উদ্ভাবনী ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি পুলিশি সহায়তা আরও সহজ, গোপনীয় ও দ্রুত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পিএসসিএর এক মুখপাত্র জানান, জরুরি পরিস্থিতিতে অনেক সময় পুলিশের কাছে ফোন করা, কথা বলা কিংবা নিজের অবস্থার ব্যাখ্যা দেওয়া সম্ভব হয় না। বিশেষ করে কেউ হুমকি, হয়রানি বা অন্য কোনো বিপদের মুখে পড়লে ফোন ঝাঁকিয়েই এসওএস সংকেত পাঠাতে পারবেন।
তিনি বলেন, সংকেত নিশ্চিত হওয়ার পরপরই সেফ সিটি কন্ট্রোল রুমে জরুরি বার্তা পৌঁছে যাবে। এরপর সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের দ্রুত ঘটনাস্থলে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।
মুখপাত্রের ভাষ্য, নতুন এ সুবিধা নারীদের জন্য সহায়তা চাওয়ার একটি সহজ ও গোপন পদ্ধতি তৈরি করেছে। বিশেষ করে এমন পরিস্থিতিতে এটি কার্যকর হতে পারে, যখন প্রকাশ্যে কথা বলা বা ফোনে সাহায্য চাওয়া ঝুঁকিপূর্ণ।
অ্যাপটিতে লাইভ চ্যাট ও ভিডিও কলের মাধ্যমেও পুলিশের সঙ্গে যোগাযোগের সুযোগ রয়েছে। ‘কানেক্ট টু সেফ সিটি’ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের মোবাইল ক্যামেরা থেকে সরাসরি ভিডিও সেফ সিটি কন্ট্রোল রুমে পাঠাতে পারেন। এতে কর্তৃপক্ষ পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।
এ ছাড়া অ্যাপটিতে রাইড শেয়ারিং-সংক্রান্ত সুবিধা, কোনো স্থানের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা এবং আইনি পরামর্শের মতো সেবাও রয়েছে। এসব সুবিধার মাধ্যমে দৈনন্দিন চলাফেরা ও ভ্রমণের সময় নারীদের নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে কর্তৃপক্ষ।