লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১০:৩০ এএম

ক্রিকেটের ঐতিহাসিক ভেন্যু লর্ডসে প্রথমবারের মতো পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। একমাত্র টি-টোয়েন্টিতে লিটন দাসদের প্রতিপক্ষ নেপাল। আগামী ২০২৭ সালের ৩ জুন, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) পক্ষ থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এ ম্যাচের মধ্য দিয়ে নতুন ইতিহাসের সাক্ষী হবে লর্ডস। একই দিনে মাঠটিতে অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি ব্লাস্টের একটি ম্যাচও। আন্তর্জাতিক ও ঘরোয়া পুরুষদের ক্রিকেটের এমন দ্বৈত আয়োজন লর্ডসে এবারই প্রথম। তবে দ্বিতীয় ম্যাচে কোন দল খেলবে, তা টি-টোয়েন্টি ব্লাস্টের সূচি ঘোষণার পর নিশ্চিত করা হবে।

বাংলাদেশের জন্য ম্যাচটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এর আগে লর্ডসে কখনো পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলেনি টাইগাররা। তবে বাংলাদেশের নারী দল ২০২৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ দিয়ে ঐতিহাসিক এই মাঠে অভিষেক করেছে।

আগামী বছরের মে মাসের শেষদিকে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে ১৭ বছর পর লর্ডসে ফিরবে বাংলাদেশের পুরুষ দল। সূচি অনুযায়ী, ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত চলবে ওই টেস্ট। এরপর নেপালের বিপক্ষে ৩ জুনের টি-টোয়েন্টি ম্যাচটি বাংলাদেশের লর্ডস সফরকে আরও স্মরণীয় করে তুলবে।

অন্যদিকে নেপালের জন্যও ম্যাচটি বিশেষ উপলক্ষ। ২০১৮ সালে এমসিসির সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজে নেদারল্যান্ডসের বিপক্ষে লর্ডসে টি-টোয়েন্টি খেলেছিল তারা। ফলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি হবে ঐতিহাসিক এই মাঠে নেপালের দ্বিতীয় পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক।

পুরো আয়োজন ঘিরে উচ্ছ্বসিত এমসিসির প্রধান নির্বাহী ও সচিব রবার্ট লসন বলেন, নেপালে ক্রিকেটের প্রতি মানুষের অসাধারণ আগ্রহ তারা কাছ থেকে দেখেছেন। ক্রিকেট কীভাবে মানুষকে একত্র করতে পারে, সেটিও উপলব্ধি করেছেন। বাংলাদেশ ও নেপালকে লর্ডসে স্বাগত জানাতে তারা রোমাঞ্চিত।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালের (সিএএন) সচিব পারস খাড়কা বলেন, ‘হোম অব ক্রিকেট’ লর্ডসে ফেরা নেপালের জন্য গর্ব ও সম্মানের। এমসিসির সঙ্গে সম্পর্ক এবং দেশটির ক্রিকেট উন্নয়নে তাদের অবদানেরও প্রশংসা করেন তিনি।

সিএএনের সভাপতি চতুর বাহাদুর চাঁদ জানান, আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে লর্ডসে নেপালের প্রথম ম্যাচটি তাদের জন্য ঐতিহাসিক উপলক্ষ। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল বলেন, লর্ডসে খেলা বাংলাদেশের জন্য বিশেষ সম্মানের। দুই ক্রিকেটপ্রেমী দেশের সমর্থকরাও ম্যাচটি উপভোগ করতে পারবেন।

নেপালের ইংল্যান্ড সফরের সূচি

এমসিসি আয়োজিত নেপালের ইংল্যান্ড সফর শুরু হবে ১ জুন স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ার্মসলিতে ৫০ ওভারের ম্যাচ দিয়ে। এরপর ৩ জুন লর্ডসে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে নেপাল।

৬ জুন ওয়ার্মসলিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচ খেলবে দলটি। এরপর ৯ জুন একই ভেন্যুতে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ১১ ও ১২ জুন বেকেনহামে আরও দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

লর্ডসের ম্যাচের শুরুর সময় ও টিকিটের বিস্তারিত পরে জানানো হবে। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশ ও নেপালের দর্শকেরা যেন সরাসরি টেলিভিশনে ম্যাচটি দেখতে পারেন, সে বিষয়টি বিবেচনায় রেখে সময় নির্ধারণ করা হবে।

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত