স্মার্টফোন এখন মানুষের ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ অংশ। ব্যাংকিং, কেনাকাটা, সামাজিক যোগাযোগমাধ্যম, ছবি, ভিডিও, ব্যক্তিগত কথোপকথন—সবকিছুই এই ছোট যন্ত্রে সংরক্ষিত থাকে। কিন্তু ব্যবহারকারীর অজান্তে ফোনে স্পাইওয়্যার বা ক্ষতিকর অ্যাপ প্রবেশ করলে এসব তথ্য অন্য কারও হাতে চলে যেতে পারে।
স্পাইওয়্যার এমন এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার, যা গোপনে ব্যবহারকারীর কার্যক্রম পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ কিংবা অন্যের কাছে পাঠাতে পারে। কখনো ভুয়া অ্যাপ, সন্দেহজনক লিংক, ই-মেইল বা মেসেজের সংযুক্ত ফাইলের মাধ্যমে ফোনে এ ধরনের সফটওয়্যার প্রবেশ করে।
সিঙ্গাপুরের সাইবার সিকিউরিটি এজেন্সি (সিএসএ) জানিয়েছে, ফোনে অচেনা অ্যাপ দেখা দেওয়া, ডিভাইসের গতি অস্বাভাবিক কমে যাওয়া কিংবা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই ক্যামেরা বা মাইক্রোফোন চালু হওয়ার মতো ঘটনা ম্যালওয়্যারের সম্ভাব্য লক্ষণ হতে পারে। তবে এসব লক্ষণ দেখা গেলেই ফোনে স্পাইওয়্যার রয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। ব্যাটারির বয়স, সফটওয়্যারের ত্রুটি বা অন্য স্বাভাবিক কারণেও একই সমস্যা হতে পারে।
স্পাইওয়্যার বা ক্ষতিকর অ্যাপ থাকার সম্ভাব্য ১০টি লক্ষণ
১. অচেনা অ্যাপ দেখা যাচ্ছে কি না
ফোনের অ্যাপ তালিকা ভালো করে দেখুন। এমন কোনো অ্যাপ আছে কি না, যা আপনি ইনস্টল করেননি বা যার কাজ সম্পর্কে জানেন না। বিশেষ করে পরিচিত অ্যাপের মতো নাম বা আইকেটযুক্ত অপরিচিত অ্যাপের বিষয়ে সতর্ক থাকুন। তবে ফোন নির্মাতা বা অপারেটিং সিস্টেমের কিছু প্রয়োজনীয় অ্যাপও অপরিচিত মনে হতে পারে।
২. ব্যাটারি অস্বাভাবিক দ্রুত শেষ হচ্ছে
আগের তুলনায় ফোনের ব্যাটারি দ্রুত শেষ হলে কোন অ্যাপ বেশি চার্জ ব্যবহার করছে, তা পরীক্ষা করুন। কোনো অ্যাপ ব্যবহার না করলেও ব্যাকগ্রাউন্ডে অতিরিক্ত বিদ্যুৎ খরচ করলে সেটি খতিয়ে দেখা দরকার। তবে পুরোনো ব্যাটারি, দুর্বল নেটওয়ার্ক বা বেশি স্ক্রিন ব্যবহারের কারণেও চার্জ দ্রুত শেষ হতে পারে।
৩. মোবাইল ডেটা অস্বাভাবিক বেড়ে গেছে
কোনো ভিডিও দেখা বা বড় ফাইল ডাউনলোড না করেও ইন্টারনেট ডেটা দ্রুত শেষ হচ্ছে কি না লক্ষ করুন। কিছু ক্ষতিকর অ্যাপ গোপনে তথ্য সংগ্রহ করে ইন্টারনেটের মাধ্যমে পাঠাতে পারে। ফোনের Data Usage বা Mobile Data Usage অপশনে গিয়ে কোন অ্যাপ কত ডেটা ব্যবহার করছে, তা পরীক্ষা করুন।
৪. ফোন অতিরিক্ত গরম হচ্ছে
ফোন ব্যবহার না করলেও অস্বাভাবিক গরম হলে ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ অতিরিক্ত কাজ করছে কি না দেখুন। বিশেষ করে চার্জ না দেওয়া অবস্থায় বা দীর্ঘ সময় স্ক্রিন বন্ধ থাকার পরও ফোন গরম থাকলে বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। তবে দুর্বল নেটওয়ার্ক, গেম, ভিডিও কিংবা ব্যাটারির সমস্যাও এর কারণ হতে পারে।
৫. নিজে থেকেই ক্যামেরা বা মাইক্রোফোন চালু হচ্ছে
কোনো অ্যাপ ব্যবহার না করার সময় ক্যামেরা বা মাইক্রোফোন ব্যবহারের সংকেত দেখা গেলে সতর্ক হোন। অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণে ক্যামেরা বা মাইক্রোফোন চালু হলে সাধারণত স্ক্রিনের ওপরের দিকে সবুজ সংকেত দেখা যায়। আইফোনেও এসব অনুমতি ও ব্যবহারের তথ্য পর্যালোচনা করা যায়।
৬. অস্বাভাবিক বিজ্ঞাপন ও পপ-আপ আসছে
ফোনের স্ক্রিনে বারবার অপ্রত্যাশিত বিজ্ঞাপন, ভাইরাস শনাক্তের ভুয়া সতর্কবার্তা বা অচেনা ওয়েবসাইট খুলে গেলে সেটি ক্ষতিকর অ্যাপ বা ব্রাউজারের সমস্যার লক্ষণ হতে পারে। বিশেষ করে কোনো বিজ্ঞাপনে ক্লিক করে অ্যাপ ইনস্টল বা ব্যক্তিগত তথ্য দিতে বলা হলে সতর্ক থাকুন।
৭. ফোন ধীর হয়ে যাচ্ছে বা অ্যাপ নিজে থেকেই বন্ধ হচ্ছে
হঠাৎ ফোনের গতি কমে যাওয়া, অ্যাপ আটকে যাওয়া, নিজে থেকেই বন্ধ হয়ে যাওয়া কিংবা অস্বাভাবিক আচরণ দেখা দিলে ইনস্টল করা অ্যাপগুলো পরীক্ষা করুন। তবে ফোনের মেমোরি কমে যাওয়া, পুরোনো সফটওয়্যার বা হার্ডওয়্যারের সমস্যাও এমন পরিস্থিতি তৈরি করতে পারে।
৮. নিজের অজান্তে মেসেজ বা ই-মেইল যাচ্ছে
আপনার পরিচিতরা যদি জানান যে আপনার নম্বর বা অ্যাকাউন্ট থেকে অচেনা লিংক, বার্তা কিংবা ই-মেইল যাচ্ছে, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুন। ফোনে ক্ষতিকর অ্যাপ থাকার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম বা ই-মেইল অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ অন্য কারও হাতে চলে যাওয়ার কারণেও এমন হতে পারে।
৯. অ্যাপ অপ্রয়োজনীয় অনুমতি চাইছে
একটি সাধারণ ক্যালকুলেটর অ্যাপ কেন আপনার মাইক্রোফোন, ক্যামেরা, যোগাযোগের তালিকা বা অবস্থানের তথ্য চাইবে? কোনো অ্যাপের কাজের সঙ্গে সম্পর্কহীন অনুমতি চাইলে সতর্ক হওয়া প্রয়োজন। অপ্রয়োজনীয় অনুমতি বাতিল করুন।
১০. ফোনের সেটিংসে অচেনা পরিবর্তন দেখা যাচ্ছে
আপনার অজান্তে নতুন VPN, ডিভাইস অ্যাডমিন অ্যাপ, অ্যাক্সেসিবিলিটি সার্ভিস বা কনফিগারেশন প্রোফাইল যুক্ত হয়েছে কি না পরীক্ষা করুন। এসব সুবিধা বৈধ অ্যাপও ব্যবহার করতে পারে। কিন্তু অপরিচিত কোনো অ্যাপ এগুলোর নিয়ন্ত্রণ পেলে তা নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে।
অ্যান্ড্রয়েড ফোনে যেভাবে পরীক্ষা করবেন
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা কয়েকটি ধাপে ফোনের নিরাপত্তা যাচাই করতে পারেন।
গুগল প্লে প্রোটেক্ট চালু করুন:
১. Google Play Store খুলুন।
২. ওপরের ডান দিকে নিজের প্রোফাইল ছবিতে চাপ দিন।
৩. Play Protect নির্বাচন করুন।
৪. Scan অপশনে গিয়ে ফোন পরীক্ষা করুন।
৫. Play Protect-এর সেটিংসে গিয়ে Scan apps with Play Protect চালু আছে কি না নিশ্চিত করুন।
গুগলের তথ্য অনুযায়ী, Play Protect গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করা অ্যাপের পাশাপাশি অন্য উৎস থেকে আসা অ্যাপও পরীক্ষা করতে পারে। ক্ষতিকর অ্যাপ শনাক্ত হলে সতর্কবার্তা দেওয়া, অ্যাপ নিষ্ক্রিয় করা কিংবা সরিয়ে দেওয়ার ব্যবস্থা নিতে পারে।
অপরিচিত অ্যাপ পরীক্ষা করুন:
ফোনের Settings থেকে Apps বা App Management অপশনে যান। ইনস্টল করা অ্যাপগুলোর তালিকা দেখুন। অপ্রয়োজনীয় বা অবিশ্বস্ত অ্যাপ সরিয়ে দিন। তবে কোনো সিস্টেম অ্যাপের কাজ না বুঝে সেটি মুছে ফেলবেন না।
অ্যাপের অনুমতি পরীক্ষা করুন:
Settings-এর Privacy বা Permission Manager অপশনে গিয়ে Location, Camera, Microphone, Contacts এবং SMS-এর অনুমতি কোন অ্যাপ পেয়েছে তা দেখুন। প্রয়োজন নেই—এমন অনুমতি বন্ধ করুন।
অজানা উৎস থেকে অ্যাপ ইনস্টল বন্ধ রাখুন:
ফোনের Settings-এ Install unknown apps বা Unknown sources অপশন খুঁজে দেখুন। প্রয়োজন না থাকলে অজানা উৎস থেকে অ্যাপ ইনস্টল করার অনুমতি বন্ধ রাখুন।
ফোনের ব্র্যান্ড ও অ্যান্ড্রয়েড সংস্করণ অনুযায়ী এসব সেটিংসের নাম বা অবস্থান কিছুটা ভিন্ন হতে পারে।
আইফোনে কীভাবে নিরাপত্তা যাচাই করবেন
আইফোনে সাধারণ অ্যান্টিভাইরাস স্ক্যানের ওপর নির্ভর না করে অ্যাপের অনুমতি, অ্যাকাউন্টে যুক্ত ডিভাইস এবং তথ্য আদান-প্রদানের সেটিংস পরীক্ষা করা জরুরি।
Safety Check ব্যবহার করুন:
আইওএস ১৬ বা পরবর্তী সংস্করণের আইফোনে এই সুবিধা রয়েছে।
১. Settings খুলুন।
২. Privacy & Security-তে যান।
৩. Safety Check নির্বাচন করুন।
৪. Manage Sharing & Access অপশনে গিয়ে কোন ব্যক্তি বা অ্যাপ আপনার তথ্য পাচ্ছে তা পর্যালোচনা করুন।
৫. প্রয়োজন হলে অপ্রয়োজনীয় প্রবেশাধিকার বন্ধ করুন।
জরুরি পরিস্থিতিতে Emergency Reset ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও অ্যাপের সঙ্গে তথ্য শেয়ার করার অনুমতি দ্রুত বন্ধ করা যায়। তবে কোনো পরিবর্তনের আগে নিজের নিরাপত্তা ও ব্যক্তিগত পরিস্থিতি বিবেচনা করা জরুরি।
App Privacy Report চালু করুন:
Settings থেকে Privacy & Security-তে গিয়ে App Privacy Report চালু করা যায়। এর মাধ্যমে কোনো অ্যাপ গত সাত দিনে কতবার আপনার অবস্থান, ক্যামেরা, মাইক্রোফোন বা অন্যান্য ব্যক্তিগত তথ্য ব্যবহারের অনুমতি নিয়েছে, তা দেখা যায়। অ্যাপের নেটওয়ার্ক কার্যক্রম সম্পর্কেও তথ্য পাওয়া যায়।
অচেনা প্রোফাইল ও ডিভাইস পরীক্ষা করুন:
Settings-এর General অংশে VPN & Device Management অপশন থাকলে সেখানে অচেনা কনফিগারেশন প্রোফাইল বা ডিভাইস ব্যবস্থাপনার সেটিংস আছে কি না দেখুন। অফিস বা প্রতিষ্ঠানের দেওয়া ফোনে বৈধ ব্যবস্থাপনা প্রোফাইল থাকতে পারে। তাই না বুঝে কোনো প্রোফাইল মুছে ফেলবেন না।
স্পাইওয়্যার সন্দেহ হলে তাৎক্ষণিক করণীয়
ফোনে ক্ষতিকর অ্যাপ থাকার জোরালো সন্দেহ হলে আতঙ্কিত না হয়ে কয়েকটি পদক্ষেপ নিতে পারেন।
সন্দেহজনক অ্যাপের ইন্টারনেট সংযোগ বন্ধ করতে প্রয়োজনে ফোনে Airplane Mode চালু করুন।
অ্যাপটি চিহ্নিত হলে নিরাপদ উপায়ে সরিয়ে ফেলুন।
ফোনের অপারেটিং সিস্টেম ও অ্যাপগুলো হালনাগাদ করুন।
গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের পাসওয়ার্ড অন্য একটি নিরাপদ ডিভাইস থেকে পরিবর্তন করুন।
ই-মেইল, সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যাংকিং অ্যাকাউন্টে অচেনা লগইন বা সংযুক্ত ডিভাইস আছে কি না পরীক্ষা করুন।
গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে দুই ধাপের নিরাপত্তা বা Two-Factor Authentication চালু করুন।
তবে কেউ যদি আপনাকে লক্ষ্য করে নজরদারি করছে বলে মনে হয়, বিশেষ করে সাংবাদিক, মানবাধিকারকর্মী বা গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তি হলে, নিজে নিজে অ্যাপ মুছে ফেলা বা ফোন রিসেট করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো। এতে সম্ভাব্য ডিজিটাল প্রমাণ নষ্ট হওয়ার ঝুঁকি কমে।
৩০ বছর পর নিউইয়র্কে হামে শিশুর মৃত্যু
চীনের বৈঠকে ইরান ইস্যু তুলবেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে প্রমোদতরীতে ট্যাংকারের ধাক্কা, হাসপাতালে ৩২ যাত্রী
যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয়ের সময় চুপ ছিলেন ট্রাম্প, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে বিঘ্নের কারণে বেড়েছে ট্রেনের চাহিদা
হরমুজের কাছে মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করলো ইরান