আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

পবিত্র রমজান মাস উপলক্ষে সাধারণ ও নিম্নআয়ের মানুষের স্বস্তিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে দেশজুড়ে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুরের মতো অত্যাবশ্যকীয় পণ্য এই কার্যক্রমের আওতায় আনা হয়েছে।

টিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি নির্দেশনায় শুরু হওয়া এই বিশেষ কার্যক্রম ১৭ ফেব্রুয়ারি থেকে আগামী ১২ মার্চ পর্যন্ত মোট ২০ দিন চলবে (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত)। ঢাকা মহানগরীতে ৫০টি এবং চট্টগ্রাম মহানগরীতে ২০টি ট্রাকসহ দেশের ৫টি বিভাগীয় শহর ও ৫৫টি জেলা শহর মিলিয়ে মোট ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এই পণ্য বিক্রি করা হবে।

একজন সাধারণ ভোক্তা ট্রাক সেল পয়েন্ট থেকে নির্ধারিত মূল্যে নিচের পণ্যগুলো কিনতে পারবেন:

  • ভোজ্যতেল: প্রতি লিটার ১১৫ টাকা (সর্বোচ্চ ২ লিটার)
  • চিনি: প্রতি কেজি ৮০ টাকা (সর্বোচ্চ ১ কেজি)
  • মসুর ডাল: প্রতি কেজি ৭০ টাকা (সর্বোচ্চ ২ কেজি)
  • ছোলা: প্রতি কেজি ৬০ টাকা (সর্বোচ্চ ১ কেজি)
  • খেজুর: আধা কেজি ১৬০ টাকা

প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন ৪০০ জন ভোক্তা পণ্য কেনার সুযোগ পাবেন। এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৩৫ লাখ উপকারভোগীর মাঝে মোট ২৩ হাজার মেট্রিক টন পণ্য সরবরাহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ভ্রাম্যমাণ ট্রাকের পাশাপাশি স্মার্ট ফ্যামিলি কার্ডধারী ৬৬ লাখ পরিবারের নিয়মিত পণ্য বিতরণ কার্যক্রমও অব্যাহত থাকবে। কার্ডধারীরা নিয়মিত পণ্যের পাশাপাশি রমজান উপলক্ষে অতিরিক্ত হিসেবে ছোলা (৬০ টাকা/কেজি) এবং খেজুর (১৬০ টাকা/কেজি) কেনার সুযোগ পাবেন। তাদের জন্য ফেব্রুয়ারি ও মার্চ মাস মিলিয়ে মোট ৭৩ হাজার ৩০০ মেট্রিক টন পণ্য বরাদ্দ রাখা হয়েছে।

টিসিবি জানিয়েছে, যেকোনো সাধারণ ভোক্তা নির্ধারিত ট্রাক সেল পয়েন্ট থেকে লাইনে দাঁড়িয়ে এই সাশ্রয়ী সুবিধা গ্রহণ করতে পারবেন।