ফেব্রুয়ারির ২৩ দিনে এলো ২৫৬ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৯ পিএম

পবিত্র রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে প্রবাসী আয়ের পালে নতুন হাওয়া লেগেছে। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২৩ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার (প্রায় ২.৫৬ বিলিয়ন ডলার)। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এই চিত্র উঠে এসেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, চলতি মাসে প্রতিদিন গড়ে ১১ কোটি ১৬ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২০৭ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট ২ হাজার ১৯৯ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এটি ২১ দশমিক ৯০ শতাংশ বেশি। প্রবাসী আয়ের এই ধারাবাহিক ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।

এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে ৩১৭ কোটি ৯ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল, যা ছিল দেশের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ মাসিক আয়। আর গত ডিসেম্বরে এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের কোনো এক মাসে আসা সর্বোচ্চ প্রবাসী আয়।

উল্লেখ্য, গত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন, যা ছিল বাংলাদেশের ইতিহাসে কোনো একটি নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ আয়ের রেকর্ড। 

FJ
আরও পড়ুন