ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকরের খবরের পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। বুধবার (৮ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় প্রায় ১৫ শতাংশ কমেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
যুদ্ধবিরতির খবর আসার পরপরই বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১৫ ডলারের বেশি কমেছে। বর্তমানে এটি ৯৩ দশমিক ৮২ ডলারে লেনদেন হচ্ছে। এশীয় বাজারে লেনদেনের একপর্যায়ে তেলের দাম সর্বনিম্ন ৯১ দশমিক ৭ ডলারে পৌঁছেছিল। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগে তেলের দাম ছিল প্রায় ৭২ ডলার।
হারগ্রেভস ল্যান্সডাউনের সিনিয়র ইক্যুইটি অ্যানালিস্ট ম্যাট ব্রিটজম্যান বলেন, এই যুদ্ধবিরতি ডোনাল্ড ট্রাম্পকে একটি সম্মানজনক প্রস্থানের পথ দেখিয়েছে এবং তাৎক্ষণিক উত্তেজনার ঝুঁকি কমিয়েছে।
তবে ড্যানিশ শিপিং জায়ান্ট মায়েরস্ক এখনই পুরোপুরি আশ্বস্ত হতে পারছে না। রয়টার্সকে দেওয়া বিবৃতিতে তারা জানায়, হরমুজ প্রণালি অতিক্রমের সিদ্ধান্ত নেওয়ার আগে তারা নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং আপাতত সতর্ক অবস্থান বজায় রাখবে।
স্যাক্সো ব্যাংকের মুখ্য বিনিয়োগ কৌশলবিদ চারু চানানা এবং ডয়চে ব্যাংকের জিম রিড মনে করেন, বিনিয়োগকারীরা স্বস্তির নিশ্বাস ফেললেও কিছু অনিশ্চয়তা রয়ে গেছে। ইসলামাবাদ আলোচনা কতটা সফল হয় এবং হরমুজ প্রণালি নির্ভরযোগ্যভাবে খোলা থাকে কিনা, তা এখন দেখার বিষয়।