১০০ ডলারের নিচে জ্বালানি তেলের দাম 

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ১০০ ডলারের নিচে নেমে আসলেও এখনই স্বস্তির কিছু নেই বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (IEA)। সংস্থাটির মতে, মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি পরিস্থিতির যে ভয়াবহতা, বর্তমান বাজারদরে তার প্রকৃত প্রতিফলন এখনও ঘটেনি এবং সামনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

আইইএ-র তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে তেলের দাম দ্রুত বাড়তে থাকে। বর্তমানে দাম কিছুটা কমলেও তা যুদ্ধ শুরু হওয়ার আগের তুলনায় এখনও ৩৬ শতাংশ বেশি ব্যয়বহুল।

আইইএ-র নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল এক বিবৃতিতে জানিয়েছেন, মার্চ মাসের তুলনায় এপ্রিল মাস বিশ্ব জ্বালানি বাজারের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হতে পারে। তিনি বলেন, ‘মার্চ মাসে আমরা যেসব তেল পেয়েছি, সেগুলো মূলত সংকট শুরুর আগেই জাহাজীকরণ (Loading) করা হয়েছিল। কিন্তু এপ্রিল মাসে কোনো নতুন কার্গো লোড হচ্ছে না। এই অচলাবস্থা যত দীর্ঘ হবে, সমস্যা ততটাই প্রকট হবে।’

সরবরাহ স্বাভাবিক রাখতে গত মাসে আইইএ-র ৩২টি সদস্য দেশ তাদের সংরক্ষিত ভাণ্ডার থেকে ৪০ কোটি (৪০০ মিলিয়ন) ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছিল। ফাতিহ বিরোল ইঙ্গিত দিয়েছেন যে, পরিস্থিতি সামাল দিতে সংস্থাটি আবারও একই ধরণের পদক্ষেপ নিতে প্রস্তুত।

তিনি বলেন, ‘৪০ কোটি ব্যারেল আমাদের মোট মজুদের মাত্র ২০ শতাংশ। আমাদের হাতে এখনও ৮০ শতাংশ তেল জমা আছে। আমরা বাজার পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজন মনে করলে মুহূর্তের মধ্যেই আবারও বড় ধরণের তেলের সরবরাহ নিশ্চিত করতে আমরা প্রস্তুত।’