পাবলো এসকোবারের আনা ৮০ জলহস্তী মেরে ফেলবে কলম্বিয়া

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০১:২৯ পিএম

কুখ্যাত মাদক সম্রাট পাবলো এসকোবারের রেখে যাওয়া কয়েক ডজন জলহস্তী হত্যার অনুমতি দিয়েছে কলম্বিয়ার সরকার।

সোমবার (১৩ এপ্রিল) দেশটির পরিবেশ মন্ত্রণালয় এই পরিকল্পনার কথা ঘোষণা করে। মূলত অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি এবং পরিবেশগত হুমকির কারণেই এই জলহস্তীগুলো মেরে ফেলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলম্বিয়ার পরিবেশ মন্ত্রী আইরিন ভেলেজ জানিয়েছেন, জলহস্তীর সংখ্যা নিয়ন্ত্রণে এর আগের পদ্ধতিগুলো যেমন—বন্ধ্যাকরণ বা চিড়িয়াখানায় স্থানান্তর অত্যন্ত ব্যয়বহুল এবং ব্যর্থ হয়েছে।

ভেলেজ জানান, নতুন এই পদক্ষেপের ফলে অন্তত ৮০টি জলহস্তী নিধন করা হতে পারে। তবে ঠিক কবে থেকে এই নিধন অভিযান শুরু হবে, সে বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট তারিখ জানাননি।

তিনি আরও জানান, যদি আমরা এটি না করি তবে এদের সংখ্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। আমাদের বাস্তুসংস্থান (ইকোসিস্টেম) রক্ষার জন্য এই পদক্ষেপ নিতেই হচ্ছে।'

১৯৮০-এর দশকে মাদক সম্রাট পাবলো এসকোবার তার ব্যক্তিগত চিড়িয়াখানা ‘হ্যাসিন্ডা নেপোলিস’-এর জন্য চারটি জলহস্তী আফ্রিকায় থেকে নিয়ে এসেছিলেন। ১৯৯৩ সালে এসকোবার নিহত হওয়ার পর খামারটি পরিত্যক্ত হলে এই প্রাণীগুলো পার্শ্ববর্তী মাগডালেনা নদী উপত্যকায় ছড়িয়ে পড়ে। বর্তমানে আফ্রিকাকে বাদ দিলে কলম্বিয়াই বিশ্বের একমাত্র দেশ যেখানে প্রাকৃতিকভাবে জলহস্তীরা বিচরণ করছে। ২০২২ সালের এক গবেষণা অনুযায়ী, কলম্বিয়ায় বর্তমানে ১৭০টিরও বেশি জলহস্তী রয়েছে।

সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন কলম্বিয়ার প্রাণী অধিকার কর্মীরা। সিনেটর আন্দ্রেয়া প্যাডিলা এই পরিকল্পনাকে ‘নিষ্ঠুর’ এবং ‘গণহত্যা’র সাথে তুলনা করেছেন। তাঁদের মতে, বছরের পর বছর সরকারের অবহেলার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং এর জন্য প্রাণীগুলোকে মেরে ফেলা কোনো সমাধান হতে পারে না। সূত্র: সিবিসি নিউজ

YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত