যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সামরিক সংঘাতের নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা বৃদ্ধির জেরে এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলোতে ব্যাপক দরপতন দেখা দিয়েছে। অন্যদিকে বৈশ্বিক বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধাবস্থার কারণে এশিয়ার বাজারগুলোতে বড় ধরনের ধস নেমেছে। আজ লেনদেনের শুরুতেই দক্ষিণ কোরিয়া, হংকং এবং অস্ট্রেলিয়ার প্রধান প্রধান শেয়ারবাজারগুলোর সূচক বেশ নিম্নমুখী হতে দেখা গেছে।
উত্তেজনার পারদ বাড়ায় দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতির আলোচনা এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। আর এই অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। বিশ্ববাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম এক ধাক্কায় প্রতি ব্যারেল ৯৫ ডলার ছাড়িয়ে গেছে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিজস্ব তেলের বাজারও উত্তপ্ত হয়ে উঠেছে, যেখানে প্রতি ব্যারেল তেলের দাম ৯১ ডলার পার হয়ে গেছে।
এদিকে সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনার মাঝেই নতুন করে সংঘর্ষের খবর আসছে, যা গভীর উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছেন বিশ্ববাজারের ব্যবসায়ীরা। বিশেষ করে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ এখনো অবরুদ্ধ থাকার কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা আরও তীব্র হয়েছে। সূত্র: আল জাজিরা