কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্ফোরণ ঘটছে, শেয়ারবাজারে প্রযুক্তি খাতের মূল্য বাড়ছে রেকর্ড গতিতে, আর সেই সঙ্গে বাড়ছে সম্পদের বৈষম্যও। এই বাস্তবতায় ধনীদের ওপর সম্পদকর আরোপ প্রায় অনিবার্য হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে একটি বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটির মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা একদিকে যেমন বিপুল সম্পদ সৃষ্টি করছে, অন্যদিকে তেমনি সমাজে আয় ও সম্পদের ব্যবধানও দ্রুত বাড়িয়ে তুলছে। ফলে সরকারগুলো ক্রমবর্ধমান বৈষম্য মোকাবিলায় নতুন করব্যবস্থা বিবেচনা করতে বাধ্য হতে পারে।
বিশ্লেষকদের আশঙ্কা, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে বহু চাকরি ঝুঁকির মুখে পড়তে পারে, অথচ প্রযুক্তি খাতের বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের সম্পদ অস্বাভাবিক হারে বৃদ্ধি পাবে। এই পরিস্থিতি রাজনৈতিক চাপ বাড়াবে এবং ধনীদের ওপর অতিরিক্ত কর আরোপের দাবিকে আরও জোরালো করতে পারে।
সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশে সম্পদকর নিয়ে বিতর্ক নতুন করে সামনে এসেছে। সমর্থকদের দাবি, সম্পদের চরম কেন্দ্রীভবন রোধে এ ধরনের কর প্রয়োজন। তবে সমালোচকদের মতে, এমন কর বিনিয়োগ নিরুৎসাহিত করতে পারে এবং মূলধন অন্য দেশে সরে যাওয়ার ঝুঁকি তৈরি করতে পারে।
কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থনীতিকে যেভাবে বদলে দিচ্ছে, তাতে ভবিষ্যতের করব্যবস্থা নিয়েও নতুন প্রশ্ন উঠছে। অনেক অর্থনীতিবিদের ধারণা, আগামী বছরগুলোতে সম্পদ, প্রযুক্তি অবকাঠামো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে সৃষ্ট মুনাফার ওপর কর আরোপের আলোচনা আরও জোরালো হবে। সূত্র: দ্য টেলিগ্রাফ