দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
শনিবার (১৩ জুন) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নতুন মূল্য তালিকা আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৯ হাজার ৮৮২ টাকা।
এর আগে গত ১১ জুন সোনার দাম কমিয়েছিল বাজুস। তখন প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময় ২১ ক্যারেট সোনার দাম ছিল ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা।
এদিকে সোনার পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম ২৯১ টাকা বাড়িয়ে ৫ হাজার ১৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৮৯৯ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।