বিশ্ববাজারে কমলো তেলের দাম, চাঙা শেয়ারবাজার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের ঐতিহাসিক চুক্তি ঘোষণার পর বিশ্বজুড়ে অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক হাওয়া বইতে শুরু করেছে।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এই সমঝোতার খবর প্রকাশ হতেই এশিয়া-প্যাসিফিক অঞ্চলসহ বৈশ্বিক শেয়ার বাজারগুলোতে ব্যাপক উত্থান লক্ষ্য করা গেছে। একই সাথে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এক ধাক্কায় অনেকটাই কমে এসেছে।

খবরে বলা হয়েছে, যুদ্ধাবস্থার অবসান ঘটাতে ওয়াশিংটন ও তেহরান একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে। এই খবরটি প্রকাশ হওয়ার পরপরই বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের মাঝে স্বস্তি ফিরে আসে, যার সরাসরি প্রভাব পড়ে পুঁজিবাজারে।

সোমবার (১৫ জুন) সকালের লেনদেন শুরু হতেই এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শেয়ার বাজারগুলো চাঙ্গা হয়ে ওঠে। জাপানের প্রধান শেয়ার বাজার সূচক নিক্কেই ২২৫ (Nikkei 225) ট্রেডিংয়ের শুরুতেই ৫ শতাংশের বেশি বৃদ্ধি পায়। অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার প্রধান সূচক কসপি (Kospi) লাফিয়ে ৫.৭ শতাংশ পর্যন্ত ওপরে উঠে যায়।

এছাড়া, তাইওয়ানের প্রধান সূচক তাইএক্স (Taiex) ২.৭ শতাংশ এবং অস্ট্রেলিয়ার এএসএক্স২০০ (ASX200) সূচকটি প্রায় ১.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

নিয়মিত বাজার সময়ের বাইরে লেনদেন হওয়া মার্কিন স্টক ফিউচারগুলোতেও বড় ধরনের উত্থান দেখা গেছে। যুক্তরাষ্ট্রের প্রধান পুঁজিবাজার সূচক এসঅ্যান্ডপি ৫০০ (S&P 500)-এর ফিউচার প্রায় ১ শতাংশ এবং প্রযুক্তি খাতের প্রধান সূচক নাসডাক কম্পোজিট (Nasdaq Composite)-এর ফিউচার ১.৬ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

যুদ্ধাবস্থার অবসানের খবরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় পতন হয়েছে। বিশ্ববাজারে তেলের মূল মাপকাঠি হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুড (Brent crude)-এর দাম এক ধাক্কায় ৪ শতাংশের বেশি কমে গেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেলের দাম কমে দাঁড়িয়েছে প্রায় ৮৩.৭০ ডলারে।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের ভূ-রাজনৈতিক উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতি প্রশমিত হওয়ার এই খবর বৈশ্বিক সরবরাহ চেইন এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বড় ধরনের ভূমিকা রাখবে, যার ফলস্বরূপ বিশ্ব অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে। সূত্র: আল জাজিরা