কেন বাড়ছে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম?

মার্কিন-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হামলার পর আবারও অস্থির হয়ে উঠেছে আন্তর্জাতিক জ্বালানি বাজার। ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি বেড়েছে। এতে নতুন করে জ্বালানি বাজারে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

বুধবার (৮ জুলাই) দিনের লেনদেন শেষে বিশ্বের দুই প্রধান ধরনের অপরিশোধিত তেলের দাম দুই সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন হামলার হুমকি দিয়ে বলেন, যুদ্ধ বন্ধে হওয়া অন্তর্বর্তী অস্থায়ী চুক্তি কার্যত শেষ হয়ে গেছে। তবে তিনি পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা নাকচ করেন।

লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম ৫ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ০২ ডলারে ওঠে। পরবর্তী লেনদেনে তা আরও বেড়ে ৭৯ দশমিক ২৮ ডলারে পৌঁছায়। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৭৪ দশমিক ৭৬ ডলারে দাঁড়ায়, যা আগের দিনের ৭৩ দশমিক ৫২ ডলারের তুলনায় বেশি।

মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানো হচ্ছে। রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা বলেন, মঙ্গলবারের তুলনায় এবার হামলার পরিধি আরও বড় হতে পারে। অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বন্দর আব্বাস, আবু মুসা, বুশেহরসহ দেশের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

হরমুজ প্রণালিতে জাহাজে ইরানের হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। এর জেরে গত মাসে স্বাক্ষরিত অন্তর্বর্তী চুক্তির আওতায় ইরানের তেল বিক্রিতে দেওয়া নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত বাতিল করে যুক্তরাষ্ট্র। এদিকে, ইরান দাবি করেছে তারা বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এর জবাবে যুক্তরাষ্ট্র পাল্টা হামলা শুরু করেছে।

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এই গুরুত্বপূর্ণ নৌপথে সংঘাত বাড়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। মঙ্গলবার দুটি তেলবাহী জাহাজে হামলার পর সামুদ্রিক নিরাপত্তা কর্তৃপক্ষ হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোর জন্য নিরাপত্তা ঝুঁকির মাত্রা ‘অত্যন্ত গুরুতর’ পর্যায়ে উন্নীত করেছে।

সূত্র: রয়টার্স