পেঁয়াজের দামে বড় লাফ, কেজিতে বাড়লো ২০ টাকা

দেশে টানা বৃষ্টিপাত ও সরবরাহ ঘাটতির অজুহাতে হঠাৎ করেই বেড়েছে পেঁয়াজের দাম। মাত্র তিন-চারদিনের ব্যবধানে খুচরা পর্যায়ে কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়ে প্রতি কেজি পেঁয়াজ এখন ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর মালিবাগ ও রামপুরাসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বাছাই করা ভালো মানের পেঁয়াজ প্রতি কেজি ৬০ টাকায় এবং মাঝারি মানের পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে; যা কয়েকদিন আগেও ছিল ৩৫ থেকে ৪০ টাকা। অন্যদিকে পাইকারি বাজারে প্রতি পাল্লা (৫ কেজি) ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকায়, যা গত সপ্তাহেও ২০০ থেকে ২২০ টাকার মধ্যে ছিল।

ব্যবসায়ীরা জানান, উত্তরবঙ্গ, ফরিদপুর ও কুষ্টিয়ার মতো প্রধান প্রধান মোকাম থেকে আসা পেঁয়াজের সরবরাহ ব্যাহত হচ্ছে। টানা বৃষ্টিতে পরিবহন বিঘ্নিত হওয়া ছাড়াও অনেক গুদামে পানি জমে পেঁয়াজ পচে নষ্ট হওয়ার কারণে দাম বেড়েছে। ফলে বাড়তি দামে কিনে আনায় খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

এদিকে হঠাৎ করে পেঁয়াজের কেজিপ্রতি ২০ টাকা মূল্যবৃদ্ধিতে চরম অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের উর্ধ্বগতির মাঝে পেঁয়াজের এমন হুটহাট দাম বাড়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন বাজার করতে আসা সাধারণ মানুষেরা।