রাজধানীর কাঁচাবাজারে মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে। সবজির দাম বেশিরভাগ ক্ষেত্রেই কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকার ওপরে। একই সঙ্গে মাছের দামও বেড়েছে ২০ থেকে ২০০ টাকা পর্যন্ত। এতে নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষ বাজার করতে গিয়ে চাপে পড়ছেন।
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর খিলগাঁও, রামপুরা, তালতলা ও মালিবাগ এলাকার কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ পণ্যের দাম কেজিতে ২০ থেকে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে প্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।
তালতলা বাজারে এক ক্রেতা ২০ টাকার কাঁচামরিচ কিনতে চাইলে বিক্রেতা জানান, ১০০ গ্রাম মরিচের দাম ৩০ টাকা। পরে ২০ টাকার বিনিময়ে প্রায় ৭০ গ্রাম মরিচ দেওয়া হয়। ক্রেতা বলেন, কিছুদিন আগেও ২৫০ গ্রাম মরিচ ৩০ টাকায় পাওয়া যেত, এখন সেই পরিমাণ কমে ১০০ গ্রামের নিচে নেমে এসেছে।
বিক্রেতারা জানান, বর্তমানে কাঁচামরিচ প্রতি কেজি ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েক দিন আগেও এর দাম ছিল ২০০ টাকা। বৃষ্টি ও বন্যার আগে কাঁচামরিচের দাম ছিল ১০০ থেকে ১২০ টাকার মধ্যে।
বাজারে প্রতি কেজি কচুর লতি ১০০ টাকা, বরবটি ১২০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, গাজর ১৩০ টাকা, শসা ১৪০ টাকা এবং পটল ৮০ টাকায় বিক্রি হচ্ছে। লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস ১০০ টাকায়। পেঁপে পাওয়া যাচ্ছে ৪০ টাকায়। বেগুন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকা এবং করলা ১২০ টাকা কেজি দরে।
পেঁয়াজের দামও বেড়েছে। মানভেদে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি পর্যায়ে ভালো মানের পেঁয়াজের পাঁচ কেজির পাল্লা বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ২০০ থেকে ২২০ টাকার মধ্যে।
বিক্রেতারা জানান, পাবনা, ফরিদপুর ও কুষ্টিয়া থেকে ঢাকায় পেঁয়াজ আসে। তবে কয়েক দিনের টানা বৃষ্টির কারণে মোকামেই পেঁয়াজের দাম বেড়েছে।
এদিকে ফার্মের মুরগির ডিমের দামও বেড়েছে। বর্তমানে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়, যা কয়েক দিন আগে ছিল ১৩০ টাকা। দেড় থেকে দুই সপ্তাহ আগে ডিম পাওয়া যেত ১২০ টাকায়।
ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০ টাকা বেড়ে ১৯০ থেকে ২১০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগির দাম কেজিপ্রতি ৩৫০ থেকে ৩৮০ টাকা।
মাছের বাজারেও বেড়েছে দাম। দুই থেকে আড়াই কেজি ওজনের রুই মাছ আগে প্রতি কেজি ৩৫০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হলেও এখন তা বেড়ে ৪০০ থেকে ৪৫০ টাকায় উঠেছে। বিক্রেতাদের দাবি, অতিবৃষ্টি ও দেশের বিভিন্ন অঞ্চলের আকস্মিক বন্যার কারণে মাছের সরবরাহ কমেছে।
তেলাপিয়া ও পাঙাশসহ প্রায় সব ধরনের মাছের দামই বেড়েছে। নিম্ন ও মধ্যবিত্তের বেশি কেনা তেলাপিয়া এখন প্রতি কেজি ২৪০ থেকে ২৬০ টাকা এবং পাঙাশ ২২০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
চাষের চিংড়ির দাম বেড়ে প্রতি কেজি ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের তুলনায় প্রায় ১০০ টাকা বেশি। পাবদা মাছ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে। বাজারে ইলিশের সরবরাহ কম থাকায় এক কেজি ওজনের ইলিশ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকা।
ক্রেতারা বলছেন, কয়েক দিন আগেও অনেক সবজি ৮০ থেকে ১০০ টাকার মধ্যে পাওয়া গেলেও এখন বেশিরভাগ সবজির দাম ১০০ থেকে ১৬০ টাকায় পৌঁছেছে। নিত্যপণ্যের এই মূল্যবৃদ্ধিতে মাছ, মাংস ও মুরগি কেনাও কঠিন হয়ে পড়ছে।
দেশের বাজারে কমলো সোনার দাম
বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ
২০৩০ সালের মধ্যে 'ইভি চার্জিং নেটওয়ার্ক' গড়ার উদ্যোগ সরকারের
বিশ্ববাজারে ফের ১০০ ডলার ছাড়ালো জ্বালানি তেলের দাম