শেয়ারবাজারে তালিকাভুক্ত ছয়টি বিমা কোম্পানির চলতি বছরের প্রথমার্ধের (জানুয়ারি-জুন) আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এর মধ্যে পাঁচটি কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে, আর একটি কোম্পানির মুনাফা কমেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত কোম্পানিগুলোর দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে সবচেয়ে বেশি ২০০ শতাংশ ইপিএস প্রবৃদ্ধি অর্জন করেছে সিকদার ইন্স্যুরেন্স। কোম্পানিটির ইপিএস বেড়ে দাঁড়িয়েছে ১ টাকা ৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৫ পয়সা।
ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স দ্বিতীয় সর্বোচ্চ ১৬৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। কোম্পানিটির ইপিএস ৩৫ পয়সা থেকে বেড়ে ৯৪ পয়সায় পৌঁছেছে।
এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ইপিএস ১০২ শতাংশ বেড়ে ৮৭ পয়সা হয়েছে, যা এক বছর আগে ছিল ৪৩ পয়সা।
এ ছাড়া, ফেডারেল ইন্স্যুরেন্সের ইপিএস ৪০ শতাংশ বেড়ে ৭২ পয়সা থেকে ১ টাকা ১ পয়সায় উন্নীত হয়েছে। একই সময়ে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের ইপিএস ১৬ শতাংশ বেড়ে ১ টাকা ৮৯ পয়সা থেকে ২ টাকা ১৯ পয়সায় দাঁড়িয়েছে।
অন্যদিকে আলোচ্য সময়ে ছয়টি কোম্পানির মধ্যে শুধু নর্দার্ন ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে। কোম্পানিটির ইপিএস ৯ শতাংশ হ্রাস পেয়ে ৯৮ পয়সা থেকে ৮৯ পয়সায় নেমে এসেছে।