কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের বড় কোম্পানিগুলোর আর্থিক ফল প্রকাশের অপেক্ষায় বিশ্ববাজারে সতর্ক অবস্থানে রয়েছেন বিনিয়োগকারীরা। এর মধ্যে ভূরাজনৈতিক উত্তেজনা ও ফ্রান্সের সরকারবিরোধী বিক্ষোভের প্রভাবে মঙ্গলবার (২০ অক্টোবর) এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলোতে দরপতন হয়েছে। অন্যদিকে, রাশিয়ার জ্বালানি খাতে মার্কিন নিষেধাজ্ঞা ও শুল্কে ছাড়ের প্রভাব মূল্যায়নের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাপান বাদে এশিয়ার শেয়ারবাজারগুলোর এমএসসিআই সূচক শূন্য দশমিক ৯৩ শতাংশ কমেছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক কমেছে ১ দশমিক ২৮ শতাংশ। দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচকে বড় দরপতন হয়েছে ৩ দশমিক ৬১ শতাংশ।
বিনিয়োগকারীদের নজর এখন বড় প্রযুক্তি ও এআই কোম্পানিগুলোর আর্থিক ফলাফলের দিকে। বুধবার ফল প্রকাশ করার কথা ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার। চলতি সপ্তাহের পরবর্তী সময়ে ফল প্রকাশ করবে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা এবং চিপ নির্মাতা ল্যাম রিসার্চ ও টেক্সাস ইনস্ট্রুমেন্টস। এ ছাড়া মঙ্গলবার স্পেসএক্সের আর্থিক ফল প্রকাশের কথা রয়েছে।
বিশ্লেষকদের মতে, প্রযুক্তি খাতের কোম্পানিগুলোর আয় ও শেয়ারের মূল্যবৃদ্ধিতে এআই অবকাঠামোর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে বিনিয়োগকারীদের প্রত্যাশাও বেড়েছে। এ খাতের কোম্পানিগুলোর আয় প্রত্যাশা অনুযায়ী না হলে শেয়ারবাজারে নতুন করে চাপ তৈরি হতে পারে।
পেপারস্টোনের গবেষণা বিভাগের প্রধান ক্রিস ওয়েস্টন এক নোটে বলেন, বাজারে বিনিয়োগকারীরা ঝুঁকি কমানোর কৌশল থেকে সরে এসে কিছুটা স্বস্তির অবস্থানে ফিরতে আগ্রহী। তবে এআই খাতে বড় অঙ্কের বিনিয়োগ বাড়ানোর মতো দৃঢ় আস্থা এখনো তৈরি হয়নি।
গোল্ডম্যান স্যাকসের হিসাব অনুযায়ী, মেটাসহ এআই খাতের পাঁচটি বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানের সম্মিলিত মূলধনি ব্যয় আগামী বছর প্রায় ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।
এদিকে, দক্ষিণ কোরিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অবকাঠামো কোম্পানি এলিস গ্রুপের শেয়ারবাজারে অভিষেক হয়েছে দরপতনের মধ্য দিয়ে। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ২০১ দশমিক ১ বিলিয়ন ওন বা ১৫ কোটি ১১ লাখ ২০ হাজার ডলার সংগ্রহ করা প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেনের প্রথম দিনেই আইপিও মূল্যের চেয়ে ১৬ শতাংশ কম দামে লেনদেন শুরু করে।
তেলের দাম ও মুদ্রাবাজারের চিত্র
এশিয়ার শেয়ারবাজারে দরপতনের বিপরীতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম শূন্য দশমিক ২১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৯ দশমিক ৭৮ ডলারে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম শূন্য দশমিক ১৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ৮২ ডলারে পৌঁছেছে।
অন্যদিকে, স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৫১ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ১১৮ দশমিক ৭১ ডলারে নেমেছে।
মুদ্রাবাজারে ডলার সূচক শূন্য দশমিক ০৫ শতাংশ কমে ১০১ দশমিক ৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। ইউরোর দাম শূন্য দশমিক ০৬ শতাংশ বেড়ে ১ দশমিক ১২ ডলারে পৌঁছেছে। সোমবার ইউরোর দাম শূন্য দশমিক ২৫ শতাংশ কমেছিল। ব্রিটিশ পাউন্ডের দাম শূন্য দশমিক ০৬ শতাংশ বেড়ে ১ দশমিক ৩৩ ডলারে উঠেছে। বিপরীতে ডলারের বিপরীতে জাপানি ইয়েনের দাম শূন্য দশমিক ০৩ শতাংশ কমে প্রতি ডলারে ১৫৮ দশমিক ৫৭ ইয়েনে দাঁড়িয়েছে।
ক্রিপ্টোকারেন্সির বাজারেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। বিটকয়েনের দাম শূন্য দশমিক ৬৭ শতাংশ কমে ৮১ হাজার ৩৮৬ দশমিক ৪০ ডলারে নেমেছে। ইথারের দাম কমেছে শূন্য দশমিক ৫৪ শতাংশ, প্রতি কয়েনের মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৩৮৫ দশমিক ৭৫ ডলারে।
ফ্রান্সের বিক্ষোভ ও রাশিয়ার জ্বালানি নিয়ে অনিশ্চয়তা
ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভ, সংঘর্ষ ও লুটপাটের ঘটনার পর দেশটির কয়েকটি শহরের কিছু এলাকায় কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। এসব শহরের মধ্যে প্যারিস, লিল ও নিস রয়েছে। রাজনৈতিক অস্থিরতা ইউরোপের শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ রয়েছে।
এদিকে, গত শুক্রবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশে রাশিয়াসংশ্লিষ্ট কিছু নিষেধাজ্ঞা ও শুল্কে ছাড় দেওয়া হয়েছে। এর মধ্যে রাশিয়ার পণ্যের ওপর শুল্ক এবং দেশটির তেল ও গ্যাস কেনার কারণে আরোপিত কিছু বিধিনিষেধও রয়েছে। তবে শনিবার ট্রাম্প জানান, এ বিষয়ে তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেননি।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যেও সুদের হার নিয়ে তাৎক্ষণিক পদক্ষেপের তাগিদ দেখা যাচ্ছে না। শুক্রবার ফেডের চেয়ারম্যান কেভিন ওয়ার্শ মার্কিন অর্থনীতির শক্তিশালী অবস্থান নিয়ে আশাবাদ প্রকাশ করলেও ভবিষ্যতে সুদের হার বাড়ানো হবে কি না, সে বিষয়ে নির্দিষ্ট কোনো ইঙ্গিত দেননি।
মঙ্গলবার ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারক মার্টিন কোখার ও ফিনল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অলি রেনের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এ ছাড়া ব্যাংক অব ইংল্যান্ডের মুদ্রানীতি কমিটির সদস্য মেগান গ্রিন লন্ডন স্কুল অব ইকোনমিকসে বক্তব্য দেবেন।
ইউরোপের শেয়ারবাজারের আগাম লেনদেনেও দরপতনের আভাস পাওয়া গেছে। ইউরো স্টক্স ৫০ ফিউচারস শূন্য দশমিক ৭১ শতাংশ, জার্মানির ডিএএক্স ফিউচারস শূন্য দশমিক ৪০ শতাংশ এবং যুক্তরাজ্যের এফটিএসই ফিউচারস শূন্য দশমিক ৪৪ শতাংশ কমেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এসঅ্যান্ডপি ৫০০ সূচকের ই-মিনি ফিউচারস প্রায় অপরিবর্তিত ছিল।
সূত্র: রয়টার্স
'যেকোনো পরিস্থিতিতে দেশ রক্ষা করবে ইরানের সামরিক বাহিনী'
ইরানের সাথে সমঝোতার আগেই ট্রাম্প-নেতানিয়াহুর হামলার হুমকি