অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচক রপ্তানি আয়ে নেতিবাচক ধারা নিয়ে শুরু হলো নতুন অর্থবছর। ২০২৬-২৭ আর্থিক বছরের প্রথম মাস জুলাইয়ে পণ্য রপ্তানি করে ৪৭২ কোটি ৭৪ লাখ (৪.৭৩ বিলিয়ন) ডলার আয় করেছে বিভিন্ন খাতের রপ্তানিকারকরা।
এই অঙ্ক গত অর্থবছরের জুলাইয়ের চেয়ে প্রায় ১ শতাংশ কম। প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক থেকে আয় কমেছে প্রায় ২ শতাংশ। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে রপ্তানি আয় ছিল ৪৭৭ কোটি ৬ লাখ ডলার।
সোমবার (৩ আগস্ট) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) রপ্তানি আয়ের হালনাগাদ এ তথ্য প্রকাশ করেছে।
অর্থবছরের প্রথম মাসে রপ্তানি আয় কমার কারণ জানতে চাইলে নিট পোশাক শিল্পমালিকদের শীর্ষ সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, পরিস্থিতি তো দেখতেই পারছেন। বিশ্ব পরিস্থিতি অনুকূলে নয়; অভ্যন্তরীণ পরিস্থিতিও ভালো নয়। গ্যাস-বিদ্যুৎসহ নানা সমস্যা। এ অবস্থায় নেতিবাচক হওয়াটাই স্বাভাবিক।
তবে সাম্প্রতিক সময়ে গ্যাসের যে প্রকট সমস্যা, সেটা কিন্তু জুলাইয়ের আয়ে প্রভাব পড়েনি বলে মনে করেন তিনি।
আগামী মাসগুলোতে কী হবে, এ প্রশ্নের উত্তরে এহসান বলেন, অবস্থা দেখে মনে হচ্ছে, আগামী সেপ্টেম্বর পর্যন্ত রপ্তানিতে নেতিবাচক ধারা থাকবে। অক্টোবর-নভেম্বর থেকে হয়ত ঘুরে দাঁড়াবে।