হিলি স্থলবন্দর দিয়ে এলো ভারতীয় কাঁচা মরিচ

দেশের বাজারে দাম সহনীয় রাখতে প্রায় নয় মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। দেশের বাজারে কাঁচা মরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের অনুমতির পর অবশেষে প্রথম চালান এলো।

সোমবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ভারত থেকে মরিচবোঝাই তিনটি ট্রাক প্রবেশের মধ্যে আমদানি কার্যক্রম শুরু হয়।

আমদানিকারক প্রতিষ্ঠান মাহাদী এন্টারপ্রাইজ ও রাজ এন্টারপ্রাইজ ২১ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করেছে। ৩টি গাড়িতে করে সোমবার বিকেলে এই চালান বন্দরে পৌঁছায়। দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে।

হিলি স্থলবন্দরের ১১ জন আমদানিকারক প্রায় ৩,৪০০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির অনুমতি পেয়েছেন। অনুমতি পাওয়ার পর এলসি (লেটার অব ক্রেডিট) খোলাসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

আমদানিকারক শাহাবুল ইসলাম জানান, টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়ে উৎপাদন কমে যায়। ফলে সরবরাহ সংকটে দাম কেজিপ্রতি ৩০০ টাকারও বেশি ছাড়িয়ে যায়। ভারতের বাজারে দাম তুলনামূলক কম হওয়ায় দীর্ঘদিন ধরে আমদানির অনুমতির দাবি উঠছিল।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আনোয়ার হোসেন জানান, সর্বশেষ গত বছরের ২০ নভেম্বর এই বন্দর দিয়ে ভারতীয় কাঁচা মরিচ আমদানি হয়েছিল। দীর্ঘ বিরতির পর আবারও আমদানি শুরু হলো।

আমদানির খবর ছড়িয়ে পড়তেই হিলিসহ দেশের পাইকারি ও খুচরা বাজারে দাম কমতে শুরু করে। মাত্র এক দিনেই কেজিপ্রতি ৮০-৯০ টাকা দাম কমেছে। আমদানি ধারাবাহিকভাবে চললে সরবরাহ আরও বাড়বে এবং দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।