ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা এক আবেদনের শুনানি শেষে বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আইনজীবী শিশির মনির জানান, এ বিষয়ে আদালতের আদেশের লিখিত অনুলিপি বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়েছে।
আবেদনে বলা হয়, প্রচলিত আইন অনুযায়ী কোনো ব্যক্তি, পরিবার বা একই গ্রুপের হাতে একটি ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার থাকার সুযোগ নেই। কিন্তু ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪টি কোম্পানি প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার হিসেবে মোট ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ধরে রেখেছে।
এর আগে গত বছর ইসলামী ব্যাংকের এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার, পরিচালক ও কয়েকজন ব্যক্তির ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই আদেশে সংশ্লিষ্ট শেয়ারহোল্ডার ও পরিচালকদের আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।