ইলিশের দামে বিক্রি হচ্ছে সার্ডিন ও চৌক্কা, কীভাবে চিনবেন

চড়া দামে দেশি ইলিশ কিনতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ ক্রেতারা। বিদেশি আমদানিকৃত সার্ডিন ও চৌক্কার মতো মাছকে দেশীয় ‘আসল ইলিশ’ বলে বিক্রি করছে একটি চক্র।

চট্টগ্রাম বন্দর দিয়ে ভারত ও ওমানসহ বিভিন্ন দেশ থেকে নিয়মিত আসছে এসব হিমায়িত সামুদ্রিক মাছ। পাইকারিতে ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি দরের এই মাছ বাজারে বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়।

বরফে জমিয়ে ও আকৃতি বদলে অনেক অসাধু ব্যবসায়ী এগুলো দেশি ইলিশের সঙ্গে মিশিয়ে দিচ্ছেন। কেটে রান্না করার পর সাধারণ ক্রেতাদের পক্ষে আসল ও নকল মাছের পার্থক্য বোঝা মুশকিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা জানান, নিজ নিজ নামে বিক্রি না করে অন্য মাছ মিশিয়ে বিক্রি করা গুরুতর অপরাধ।

বিশেষজ্ঞরা বলছেন, শুধু রুপালি রঙ দেখে নয়, মাছের প্রজাতি ও উৎস যাচাই করে কেনা জরুরি। বাজার মনিটরিং জোরদার না হলে এই প্রতারণা রোধ করা কঠিন হবে।