৬৪ বছর বয়সে তৃতীয় বিয়ের পিঁড়িতে জিম ক্যারি

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৭:১৬ এএম

হলিউডের জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী জিম ক্যারি ৬৪ বছর বয়সে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন। তার দীর্ঘদিনের প্রেমিকা মিন আহকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন এই তারকা। গত ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সাময়িকী ‘পিপল’-কে এই বিয়ের খবরটি নিশ্চিত করেছে তার মুখপাত্র। তবে গোপনীয়তা বজায় রাখায় বিয়ের নির্দিষ্ট তারিখ বা স্থান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ফ্রান্সের সিজার অ্যাওয়ার্ডসে প্রথমবারের মতো মিন আহকে প্রকাশ্যে নিয়ে আসেন জিম ক্যারি। পুরো বক্তব্য ফরাসি ভাষায় দিয়ে তিনি মিন আহকে নিজের ‘অসাধারণ সঙ্গী’ হিসেবে উল্লেখ করেন। সে সময় মঞ্চে উপস্থিত ছিলেন তার মেয়ে জেন ও নাতি জ্যাকসনও। এর আগে ২০২২ সালের লস অ্যাঞ্জেলেসের একটি দাতব্য অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছিল।

ব্যক্তিজীবনে কিছুটা নীরবতা বজায় রাখা এই অভিনেতা ২০২২ সালে অভিনয় থেকে সাময়িক বিরতির ঘোষণা দেন। বর্তমানে তিনি শান্ত জীবনযাপন, ছবি আঁকা এবং পরিবারের সঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন। তবে ব্যক্তিগত জীবনের এই আনন্দের পাশাপাশি তিনি পেশাগত জগতেও ফিরছেন। ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির ঘোষণা অনুযায়ী, জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ ‘দ্য জেটসনস’-এর লাইভ-অ্যাকশন চলচ্চিত্রে মূল চরিত্রে অভিনয় করবেন তিনি।

জিম ক্যারির এটি তৃতীয় বিয়ে হলেও এর আগে তিনি ১৯৮৭ সালে মেলিসা ওমার এবং ১৯৯৬ সালে লরেন হলিকে বিয়ে করেছিলেন। দুটি সংসারই একসময় বিচ্ছেদে গড়ায়। এছাড়া ব্যক্তিগত জীবনে বিভিন্ন সময় একাধিক সম্পর্ক থাকলেও শেষ পর্যন্ত মিন আহকেই নিজের জীবনসঙ্গী হিসেবে থিতু হলেন তিনি। পর্দায় ‘সনিক দ্য জেটসনস’ ও ‘সনিক দ্য হেজহগ ৪’ নিয়ে তার নতুন কাজের অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত