বরিশাল অঞ্চলে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত

ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের বরিশাল অঞ্চলের শাখাসমূহ নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে গত ২ অক্টোবর বরিশালের একটি স্থানীয় হোটেলে হাইব্রিড মডেলে এ কনক্লেভ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান।

বক্তব্যে মো. এহতেশামুল হক খান বলেন, গ্রাহকদের জন্য ‘বেস্ট সলিউশন পার্টনার’ বা বিশ্বস্ত সহযোগী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে ডাচ্-বাংলা ব্যাংক বিভিন্ন কৌশল গ্রহণ করেছে। গ্রাহকসেবায় উৎকর্ষ নিশ্চিত করতে তিনি গ্রাহকদের প্রতি আরও যত্নশীল ও দায়িত্বশীল মনোভাব প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি ব্যাংকের কৌশলগত লক্ষ্য অর্জন এবং বাজারে ব্যাংকের অবস্থান আরও শক্তিশালী করতে কর্মকর্তা-কর্মচারীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে গ্রাহকদের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে সেবার মান উন্নয়নের মাধ্যমে ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার ওপর জোর দেন।

কনক্লেভে বরিশাল অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা তাঁদের নিজ নিজ শাখার ব্যবসায়িক কৌশল ও পরিকল্পনা উপস্থাপন করেন। তাঁরা উন্নত ও মানসম্মত গ্রাহকসেবা নিশ্চিত করার মাধ্যমে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন।

এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রম ও উপস্থাপিত পরিকল্পনা পর্যালোচনা করেন। পাশাপাশি গ্রাহকসেবা আরও উন্নত করা, ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন এবং ব্যাংকের কৌশলগত লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় পর্যবেক্ষণ ও দিকনির্দেশনা প্রদান করেন।

কনক্লেভে বরিশাল অঞ্চলের বিভিন্ন শাখা ও উপশাখার কর্মকর্তারা সরাসরি ও অনলাইনে অংশ নেন। এছাড়া রকেট ও এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান এবং এডিসি (Alternative Delivery Channel) সুপারভাইজাররাও অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

কর্তৃপক্ষের মতে, এ ধরনের কৌশলগত পর্যালোচনা সভার মাধ্যমে আঞ্চলিক পর্যায়ে ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা আরও কার্যকরভাবে নির্ধারণ করা সম্ভব হবে।