১৪ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমাদানির সিদ্ধান্ত

ইস্টার্ন রিফাইনারি পিএলসিতে (ইআরপিএলসি) প্রক্রিয়াকরণের জন্য ২০২৭ সালে সৌদি আরব ও আবুধাবি থেকে ১৪ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সৌদি আরামকো ও আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (এডনক) থেকে জিটুজি ভিত্তিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এ তেল আমদানি করবে।

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) সৌদি আরবের সৌদি আরামকো এবং আবুধাবির এডনক থেকে ক্রুড অয়েল আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়। এ আমদানির অর্থায়নের উত্স হিসেবে আন্তর্জাতিক ইসলামিক বাণিজ্য অর্থায়ন সংস্থার (আইটিএফসি) ঋণের কথা উল্লেখ করা হয়েছে। বিপিসি জিটুজি চুক্তির আওতায় দীর্ঘদিন ধরে সৌদি আরামকো ও এডনক থেকে ক্রুড অয়েল আমদানি করে ইস্টার্ন রিফাইনারিতে প্রক্রিয়াজাত করে আসছে। ইআরপিএলসির পুরোনো প্ল্যান্টে ‘অ্যারাবিয়ান লাইট ক্রুড অয়েল’ ও ‘মারবান ক্রুড অয়েল’ প্রক্রিয়াকরণ তুলনামূলকভাবে বেশি উপযোগী ও আর্থিকভাবে লাভজনক বলে বৈঠকে জানানো হয়।

এছাড়া চাহিদা অনুযায়ী অন্য কোনো দেশ বা সরবরাহকারীর কাছ থেকে এসব ক্রুড অয়েল পাওয়ার নিশ্চয়তা নেই। এ কারণে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থে সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রুড অয়েল আমদানির প্রস্তাব করা হয়। অন্যদিকে, ২০২৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত জিটুজি প্রক্রিয়ায় পরিশোধিত জ্বালানি তেল সরাসরি ক্রয় পদ্ধতিতে আমদানির নীতিগত অনুমোদনের জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আরেকটি প্রস্তাব বৈঠকে উপস্থাপন করা হয়। কমিটি প্রস্তাবটি নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করেছে। এছাড়া ২০২৭ সালের জানুয়ারি-জুন সময়ে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিপিসির পরিশোধিত জ্বালানি তেল আমদানিতে দরপত্র প্রস্তুত ও দাখিলের সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে ২১ দিন করার প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

ক্রয় কমিটির বৈঠকে ৯ প্রস্তাব অনুমোদন:

অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে মোট আটটি ক্রয় প্রস্তাব অনুমোদন হয়েছে। বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় জানায়, বৈঠকে ‘আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড’ কর্তৃক স্থাপিত ‘আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল (ইস্ট)’ বিদ্যুত্ কেন্দ্র থেকে বিদ্যুত্ ক্রয়ে সংশোধিত ট্যারিফ হার নির্ধারণের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে প্রতি কিলোওয়াট/ঘণ্টা বিদ্যুতের ট্যারিফ হার নির্ধারণ করা হয়েছে ৩.৭ মার্কিন সেন্ট (বাংলাদেশি মুদ্রায় ৪.৫৪৩৬ টাকা)। বৈঠকে ‘চট্টগ্রাম-দোহাজারী মিটার গেজ রেলপথকে ডুয়েল গেজ রেলপথে রূপান্তর’ শীর্ষক প্রকল্পের নির্মাণ ও সুপারভিশন কাজের জন্য পরামর্শক নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে রাষ্ট্রীয় চুক্তির আওতায় বিএডিসির মাধ্যমে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এসএ থেকে ৪০ হাহার মেট্রিক টন ডিএপি সার আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টন ৮৬৬ ডলার দরে বাংলাদেশি মুদ্রায় এতে ব্যয় হবে ৪২৭ কোটি ৮০ লাখ টাকা।

বৈঠকে ‘হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় সুনামগঞ্জ জেলার জামালগঞ্জে একটি প্যাকেজ কাজ বাস্তবায়নে ঠিকাদার নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জেরি বিভিন্ন সড়ক-সেতু-কালভার্ট পুনঃনির্মাণ ও পুনর্বাসনে একটি প্যাকেজের পূর্ত কাজ বাস্তবাস্তবায়নে ঠিকাদার নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে বিভিন্ন সুবিধাসহ ১ হাজার ২০০ শয্যাবিশিষ্ট ১১ তলা (১-বেসমেন্ট) রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও ক্লিনিক্যাল ফ্যাকাল্টি ভবন নির্মাণের একটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। অন্যান্যের মধ্যে বৈঠকে সুনামগঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অপারেশন থিয়েটার এবং বিভিন্ন বিভাগের চিকিত্সা সরঞ্জামাদি ক্রয়ে পৃথক দুটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।