খামারে হরিণ পালন ও বিক্রির পথ খুলতে সরকারের নতুন উদ্যোগ

দেশে নিয়ন্ত্রিত পরিবেশে খামার গড়ে হরিণ পালন এবং সেখান থেকে বাণিজ্যিকভাবে বিক্রির সুযোগ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় আইনি কাঠামো প্রণয়নে কাজ চলছে। বিষয়টি নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বন ও বন্য প্রাণী ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, হরিণ বন্য প্রাণী হওয়ায় এর সংরক্ষণ ও ব্যবস্থাপনা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সরাসরি দায়িত্বের মধ্যে পড়ে না। এ বিষয়ে বন ও বন্য প্রাণী ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে।

তবে নিয়ন্ত্রিত উপায়ে খামারে হরিণ প্রতিপালন করে অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ তৈরির বিষয়ে সরকারের ইতিবাচক মনোভাব রয়েছে বলে জানান তিনি।

আমিন উর রশিদ বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নির্দিষ্ট নিয়ম ও শর্ত মেনে বন্য প্রাণী খামারে পালনের অনুমতি রয়েছে। প্রকৃতি থেকে বন্য প্রাণী ধরে এনে বাণিজ্য করা এবং খামারে বৈধভাবে প্রতিপালন করে বাণিজ্যিক কাজে ব্যবহার করা এক বিষয় নয়। অনেক দেশে প্রকৃতি থেকে বন্য প্রাণী সংগ্রহ নিষিদ্ধ হলেও খামারে জন্মানো ও লালন-পালন করা প্রাণীর বাণিজ্যিক ব্যবহারের সুযোগ রয়েছে।

বাংলাদেশেও এ ধরনের ব্যবস্থা চালুর সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা করে প্রয়োজনীয় আইন তৈরির প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। আইন প্রণীত হলে নির্ধারিত শর্ত মেনে হরিণ পালনের মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার পথ তৈরি হতে পারে।

সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।