বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম

সাগরবেষ্টিত স্বর্ণদ্বীপে তিন বাহিনীর সমন্বিত সামরিক সক্ষমতার প্রদর্শনী প্রত্যক্ষ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সেখানে অনুষ্ঠিত বিশেষ যৌথ মহড়ার চূড়ান্ত পর্ব দেখতে গিয়ে নিজেই চালকের আসনে বসেন একটি বিশেষ সামরিক যান অল-টেরেইন ভেহিকলে (এটিভি)। এ সময় তাঁর পাশের আসনে ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বিশেষ হেলিকপ্টারে ঢাকা থেকে নোয়াখালীর স্বর্ণদ্বীপের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টার দিকে যাত্রা শুরু করে বেলা সাড়ে ১১টার দিকে তিনি মহড়াস্থলে পৌঁছান।

স্বর্ণদ্বীপে এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’। দেশের তিন প্রতিরক্ষা বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর মধ্যে সমন্বয়, পারস্পরিক সহযোগিতা এবং পরিচালন সক্ষমতা প্রদর্শনের উদ্দেশ্যে এই অনুশীলনের আয়োজন করা হয়েছে।

মহড়ার চূড়ান্ত পর্বে অংশ নেওয়া সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

এই যৌথ অনুশীলনে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার অ্যান্ড ডাইভিং স্যালভেজ (সোয়াডস) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে।

এবারের আয়োজনের উল্লেখযোগ্য দিক হলো, তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলো একই মহড়ায় একসঙ্গে অংশ নিচ্ছে। সেনাবাহিনীর প্যারা কমান্ডো, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্টের সম্মিলিত অংশগ্রহণে স্বর্ণদ্বীপে এই বিশেষ অনুশীলন পরিচালিত হচ্ছে।

এর মাধ্যমে তিন বাহিনীর মধ্যে সমন্বিত কার্যক্রমের সক্ষমতা তুলে ধরা হচ্ছে। মহড়ার পাশাপাশি সামরিক প্রযুক্তি ও দেশীয়ভাবে উদ্ভাবিত সরঞ্জাম প্রদর্শনের ব্যবস্থাও রাখা হয়েছে।

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের মধ্যে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে জাহাইজ্জার চর নামে পরিচিত। দ্বীপটির কৌশলগত অবস্থান এবং বিস্তৃত প্রাকৃতিক পরিবেশ সামরিক প্রশিক্ষণের জন্য গুরুত্বপূর্ণ।

২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে বিভিন্ন উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে। সময়ের সঙ্গে জায়গাটি সেনাবাহিনীর নিয়মিত সমর অনুশীলনের পাশাপাশি যৌথ সামরিক প্রশিক্ষণেরও গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে।

এর আগে সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন যৌথ অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। তবে প্যারা কমান্ডো ব্রিগেড, সোয়াডস ও ৫০১ এয়ার রেজিমেন্টের একসঙ্গে অংশগ্রহণে এবারের আয়োজনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিএইচবি
আরও পড়ুন