সৌদি আরবের রাজধানী রিয়াদে আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে দর্শকদের বিশেষ আকর্ষণে পরিণত হয়েছে মেক্সিকোর সাড়ে তিন হাজার বছরের প্রাচীন ঐতিহ্যবাহী খেলা ‘পুরেপেচা বল’। কাঠের বাঁকানো লাঠি দিয়ে বল আঘাত করে খেলার এই প্রাচীন পদ্ধতি শুধু ক্রীড়াপ্রেমীদের নয়, বিভিন্ন দেশের সংস্কৃতির প্রতি আগ্রহী দর্শনার্থীদেরও কৌতূহলী করে তুলেছে। বিশেষ করে আগুন জ্বালানো বল দিয়ে খেলার প্রদর্শনী উৎসবে বাড়তি আকর্ষণ তৈরি করেছে।
১৯ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত রিয়াদে অনুষ্ঠিত হচ্ছে এথনোস্পোর্ট কালচার ফেস্টিভ্যাল। তুরস্কের বাইরে প্রথমবারের মতো আয়োজিত এই উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী খেলাধুলা, লোকজ সংস্কৃতি ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হচ্ছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
পুরেপেচা বল মেক্সিকোর আদিবাসী জনগোষ্ঠীর কয়েক হাজার বছরের পুরোনো খেলা। এর উৎপত্তি বর্তমান মেক্সিকোর মিচোয়াকান অঞ্চলে। খেলাটি ‘উয়ারহুকুয়া চানাকুয়া’ নামেও পরিচিত।
খেলাটির উৎপত্তি খ্রিষ্টপূর্ব প্রায় ১৫০০ অব্দে বলে ধারণা করা হয়। এটি হকির মতো একটি দলীয় খেলা। প্রায় ১২০ মিটার দীর্ঘ ও ৬ থেকে ৮ মিটার প্রশস্ত মাঠে দুই দল প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিটি দলে থাকেন ৬ থেকে ৮ জন খেলোয়াড়।
খেলোয়াড়েরা ‘উয়ারহুকুয়া’ নামের কাঠের তৈরি বিশেষ লাঠি ব্যবহার করেন। লাঠিটির নিচের অংশ বাঁকানো থাকে। সেটি দিয়ে বল আঘাত করে প্রতিপক্ষের দিকে পাঠানো হয়।
মেক্সিকোর জাতীয় নৃতত্ত্ব ও ইতিহাস ইনস্টিটিউটের (INAH) তথ্য অনুযায়ী, খেলাটি শুধু বিনোদনের মাধ্যম নয়; পুরেপেচা জনগোষ্ঠীর কাছে এর গভীর আধ্যাত্মিক ও প্রতীকী তাৎপর্য রয়েছে। সূর্যের জন্ম, মহাজাগতিক ভারসাম্য এবং আলো ও অন্ধকারের দ্বন্দ্বের প্রতীক হিসেবেও খেলাটিকে দেখা হয়।
রিয়াদ উৎসবে মেক্সিকোর পুরেপেচা বল দলের বিশেষ প্রদর্শনী দর্শকদের সবচেয়ে বেশি আকর্ষণ করেছে। বিশেষ করে আগুন জ্বালানো বল দিয়ে খেলার দৃশ্য অনেক দর্শনার্থীর কাছে ছিল অভূতপূর্ব অভিজ্ঞতা।
দলটির নেতা ম্যানুয়েল সানচেজ আনাদোলু এজেন্সিকে বলেন, আগুনের বল নিয়ে এই প্রদর্শনীর মাধ্যমে তাঁরা জীবন উদ্যাপন করেন এবং মৃত্যুর প্রতি শ্রদ্ধা জানান। মেক্সিকোর সংস্কৃতিতে বিষয়টির বিশেষ গুরুত্ব রয়েছে।
তিনি জানান, পুরেপেচা সংস্কৃতির গুরুত্বপূর্ণ দেবতা কুরিকাভেরির সঙ্গে এই খেলার ঐতিহ্য জড়িয়ে আছে। সূর্য ও আগুনের প্রতি শ্রদ্ধা থেকেই তাঁরা আগুন জ্বালানো বল নিয়ে খেলার আয়োজন করেন।
সানচেজ বলেন, সৌদি আরবে এসে এশিয়া মহাদেশের দর্শকদের সামনে নিজেদের ঐতিহ্য তুলে ধরতে পারা তাঁদের জন্য অত্যন্ত আনন্দের। এই উৎসবের মাধ্যমে মেক্সিকোর বাইরেও তাঁদের সংস্কৃতি পরিচিতি পাচ্ছে।
তাঁর মতে, নিজস্ব ঐতিহ্য সংরক্ষণ শুধু একটি দেশের জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং এটি বিশ্ব সংস্কৃতির বৈচিত্র্য রক্ষারও অংশ।
সানচেজের দেওয়া তথ্য অনুযায়ী, মেক্সিকোর মিচোয়াকান অঞ্চলের সেরো দে লস পেনোলেস এলাকায় পুরেপেচা বল খেলার প্রাচীন নিদর্শন পাওয়া গেছে। সেখানে কাঠের লাঠি দিয়ে খেলতে থাকা মানুষ এবং খেলা দেখতে আসা দর্শকদের চিত্রও রয়েছে।
স্থানীয় জনগোষ্ঠীর মুখে মুখে প্রচলিত ঐতিহ্যের মাধ্যমে শত শত বছর ধরে খেলাটি টিকে আছে। আধুনিক সময়েও মেক্সিকোর বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মধ্যে এর চর্চা অব্যাহত রয়েছে।
এই খেলার সঙ্গে ২১ বছর ধরে যুক্ত আছেন সানচেজ। ২০২২ সালে তুরস্কের ইজনিকে অনুষ্ঠিত চতুর্থ ওয়ার্ল্ড নোম্যাড গেমসেও অংশ নিয়েছিল তাঁদের দল।
এ ছাড়া ২০১২ ও ২০১৪ সালে ইতালির তোচাতি উৎসব এবং ব্রাজিলে আদিবাসী জনগোষ্ঠীর প্রথম সমাবেশেও অংশ নিয়েছেন তাঁরা।
সানচেজ জানান, মেক্সিকান ফেডারেশন অব ইন্ডিজেনাস অ্যান্ড ট্র্যাডিশনাল গেমস অ্যান্ড স্পোর্টসের সভাপতি আনা ক্লাউদিয়া কোলাদো গার্সিয়ার সহযোগিতায় এবার সৌদি আরবের উৎসবে অংশ নেওয়ার সুযোগ হয়েছে তাঁদের।
সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির অংশ হিসেবে রাজধানী রিয়াদকে আন্তর্জাতিক পর্যটন ও বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রতিবছর আয়োজন করা হয় ‘রিয়াদ সিজন’। এরই অংশ হিসেবে এবার অনুষ্ঠিত হচ্ছে এথনোস্পোর্ট কালচার ফেস্টিভ্যাল।
ওয়ার্ল্ড এথনোস্পোর্ট ইউনিয়নের তথ্য অনুযায়ী, এবারের আয়োজনে ১৮টির বেশি দেশের ৩৮ ধরনের ঐতিহ্যবাহী খেলা ও ক্রীড়া প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি থাকছে লোকজ নৃত্য, সংগীত, হস্তশিল্প, ঐতিহ্যবাহী খাবার এবং শিশুদের জন্য বিভিন্ন আয়োজন।
উৎসবটির মূল লক্ষ্য বিভিন্ন দেশের হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাধুলা ও সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করা। সেই সঙ্গে নতুন প্রজন্মের কাছে এসব ঐতিহ্য পৌঁছে দেওয়া।
মেক্সিকোর পুরেপেচা বলের মতো প্রাচীন খেলাগুলোর প্রদর্শনী প্রমাণ করছে, খেলাধুলা শুধু প্রতিযোগিতা বা বিনোদনের বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে একটি জাতির ইতিহাস, বিশ্বাস ও সাংস্কৃতিক পরিচয়।
সূত্র: আনাদোলু এজেন্সি।
কুর্দিস্তানের সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিতে ইরাকি প্রধানমন্ত্রীর নির্দেশ
হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আরও কঠোর করবে ইরান: সেনাপ্রধান
ইরান যুদ্ধের প্রভাবে কমছে মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুত, আটকে আছে ইউক্রেনের ৬০ প্যাট্রিয়ট
চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী