শেয়ারবাজারে খাদ্য ও আনুষাঙ্গিক খাতের তালিকাভুক্ত কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের (বিএটিবিসি) ফ্লোর প্রাইস উঠে যাচ্ছে। বিএসইসির নির্দেশনা অনুযায়ী, কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত ৩ মার্চ রেকর্ড ডেটের কারণে সোমবার (৪ মার্চ) লেনদেনে কোম্পানিটির ফ্লোর প্রাইস থাকছে না।
জানা গেছে, শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনায়, গত ৬ ফেব্রুয়ারি বিএসইসি ৬টি কোম্পানির শেয়ারের উপর থেকে ফ্লোর প্রাইস তুলে নেওয়ার নির্দেশনা জারি করে। এর মধ্যে তিনটি কোম্পানির ফ্লোর প্রাইস পরবর্তী কার্যদিবসেই উঠে যায়। অন্যদিকে বিএটিবিসি, গ্রামীনফোন ও রবি আজিয়াটা এই তিনটি কোম্পানির ক্ষেত্রে নিজ নিজ রেকর্ড তারিখের পরদিন থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহারের কথা বলা হয়।
এরই ধারাবাহিকতায় গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিএটিবিসির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা এবং পরবর্তী বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময়সূচি চূড়ান্ত করা হয়। আর ৩ মার্চ রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়। ফলে রেকর্ড ডেটের পরদিন তথা সোমবার (৪ মার্চ) থেকে কোম্পানিটির শেয়ারে ফ্লোর প্রাইস উঠে যাবে।