বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, এস আলমের কারখানায় অগ্নিকাণ্ড বা অন্য কোনো কারণে বাজারে চিনির সংকট হওয়ার কোনো আশঙ্কা নেই। আমি ব্যবসায়ীদের বলছি, তারা যেন সৃষ্টির কোনো অপচেষ্টা না করেন। দেশে চিনির পর্যাপ্ত মজুদ রয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের তিব্বত মোড়ের কলোনি বাজার পলিটেকনিক মাঠে টিসিবি পণ্য বিক্রয় উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে টিসিবির মাধ্যমে এক কোটি লোককে প্রতি মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেয়া হচ্ছে। টিসিবির সেবাগ্রহণকারী গ্রাহকদের তথ্য আবার যাচাই বাছাই করে ডিজিটাল কার্ড দেয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বৈশ্বিক বিভিন্ন কারণে আন্তর্জাতিক বাজারে খাদ্যের দাম অনেক বেড়ে গেছে। তারপরও আমরা সাশ্রয়ীমূল্যে পণ্য বিতরণ করে যাচ্ছি। ১৬৩ টাকার তেল দিচ্ছি ১০০ টাকায়, ১৪০ টাকার চিনি দিচ্ছি ৭০ টাকায়।
তিনি বলেন, টিসিবির মাধ্যমে এই ১ কোটি গ্রাহকের কাছে পণ্য বিক্রি করার মাধ্যমে কিন্তু বাজারের চাপটা অনেক কমে যাবে। ফলে সাধারণ ভোক্তারাও সহজে কেনাকাটা করতে পারবে।
এদিকে, রমজানকে সামনে রেখে বৃহস্পতিবার (৭ মার্চ) থেকে সারাদেশে কার্ডধারী এক কোটি পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে পাঁচটি পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। পণ্যগুলো হলো-সয়াবিন তেল, চিনি, মসুর ডাল, চাল ও খেজুর।
ফ্যামিলি কার্ডসহ একজন সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও এক কেজি খেজুর কিনতে পারবেন।