পাল্টা শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে চটাবো না : অর্থ উপদেষ্টা

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা দর-কষাকষি করব। তবে পাল্টা শুল্ক ইস্যুতে তাদের চটাবো না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর একটি পাঁচতারা হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এফবিসিসিআইয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ৪৫তম পরামর্শক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক নিয়ে দেশটির সঙ্গে আমরা দর-কষাকষি করব। তাদের চটাবো না। এ নিয়ে আলোচনার জন্য ৯০ দিন সময় আছে। এর মধ্যে বিষয়টির সমাধান না হলে আমরা আরো সময় চাইব।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ততা (অ্যাংগেজমেন্ট) বাড়ানো হবে জানিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা (নেগোশিয়েশন) চালিয়ে যাচ্ছি। প্রয়োজনে আরো সময় চাইবো।

তিনি বলেন, ‘ট্রাম্প প্রশাসন তিন মাস সময় দিয়েছে। আমরা চাই, এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রকে বোঝাতে পারি, পাল্টা শুল্কের ফলে আমাদের রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হবে।’

তিনি আরও বলেন, ‘ট্রাম্পের শুল্কনীতির কারণে ব্যবসায় প্রতিযোগিতা বাড়বে, তাই ব্যবসায়ীদেরও প্রতিযোগিতামূলক হতে হবে।’

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আইএমএফের ঋণের ব্যাপারে আমরা খুব একটা চিন্তিত নই। ইতোমধ্যে সামষ্টিক অর্থনীতিতে কিছুটা উন্নতি হয়েছে।’

সভায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদ বিন হারুন এবং এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান।