অন-অ্যারাইভাল ভিসার মেয়াদ কাটছাঁটের সিদ্ধান্ত থাইল্যান্ড সরকারের

বিশ্বের ৯৩টি দেশের পর্যটক-দর্শনার্থীদের অন অ্যারাইভাল ভিসা  সুবিধা দিয়ে থাকে থাইল্যান্ড সরকার। অর্থাৎ এই ৯৩টি দেশের দর্শনার্থীদের থাইল্যান্ড ভ্রমণের আগে থেকে ভিসার আবেদন করতে হয় না।

এতদিন এই ভিসার মেয়াদ ছিল ৬০ দিন। তবে এবার এই মেয়াদ কাটছাঁটের সিদ্ধান্ত নিয়েছে থাই সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেতকায়েও সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এখন থেকে অন-অ্যারাইভাল ভিসার মেয়াদ হবে ৩০ দিন।

সংবাদ সম্মেলনে থাই পররাষ্ট্রমন্ত্রী বলেন, অন-অ্যারাইভাল ভিসার সুযোগ নিয়ে অনেক বিদেশি পর্যটক থাইল্যান্ডে এসে সেটির অপব্যবহার করছেন। এটি রোধ করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্ত্রি জানিয়েছেন, অন-অ্যারাইভাল ভিসার পাশাপাশি অন্যান্য ধরনের ভিসাও যাচাই করবে, যাতে দেশে প্রবেশকারী ব্যক্তিরা সেই ভিসার উদ্দেশ্য পূরণ করছেন কিনা তা নিশ্চিত করা যায়।

বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের অবকাশযাপনের জন্য থাইল্যান্ড খুবই আকাঙ্ক্ষিত একটি গন্তব্য। সারা বছরই দেশটিতে বিদেশী পর্যটকদের ভীর থাকে।

তবে সম্প্রতি ভিসা বিষয়ক কড়াকড়ির কারণে দেশটিতে পর্যটকের আগমন কিছুটা কমেছে। সরকারি তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ১০ মে পর্যন্ত ৫ মাস ৯ দিনে দেশটিতে এসেছেন মোট ১ কোটি ১৪ লাখ বিদেশী পর্যটক, যা গত বছর এই সময়সীমার তুলনায় ৩ দশমিক ৪৩ শতাংশ কম।

সূত্র : রয়টার্স