ভারত ভ্রমণে মানতে হয় যেসব অলিখিত নিয়ম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ এএম

ভারত ভ্রমণে গিয়ে অনেক বিদেশি পর্যটকই কিছু দৈনন্দিন আচরণ ও সামাজিক রীতিনীতি দেখে বিস্মিত হন। কারও মাথা দোলানো মানেই সম্মতি নয়, অপরিচিত কেউ ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করতে পারেন, আবার বাজারে দোকানদারের সঙ্গে দরদাম করাও কেনাকাটারই অংশ। এসব আচরণের পেছনে রয়েছে দেশটির দীর্ঘদিনের সাংস্কৃতিক প্রথা ও সামাজিক রীতিনীতি।

ভারত বিশাল ও বৈচিত্র্যময় দেশ। অঞ্চল, সম্প্রদায় ও প্রজন্মভেদে সামাজিক রীতিনীতিতে পার্থক্য রয়েছে। তবে দেশটির অনেক প্রচলিত আচরণের ভিত্তি হলো সম্মান, আতিথেয়তা ও ঐতিহ্য। এসব বিষয়ে আগে থেকে কিছুটা ধারণা থাকলে পর্যটকেরা অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে পারেন এবং স্থানীয় মানুষের সঙ্গে সহজে মিশতে পারেন।

ভারতীয় সাংবাদিক ও ভ্রমণলেখক চারুকেশী রামাদুরাইয়ের অভিজ্ঞতায়, দেশটিতে প্রথমবার ভ্রমণে গেলে সাতটি বিষয় বিশেষভাবে নজরে রাখা প্রয়োজন।

১. ডান হাতই সব সময় সঠিক

ভারতে খাবার খাওয়া, কাউকে কোনো কিছু দেওয়া কিংবা কারও কাছ থেকে কিছু নেওয়ার ক্ষেত্রে ডান হাত ব্যবহার করাই প্রচলিত রীতি। দেশটির সংস্কৃতিতে বাম হাতকে অপরিচ্ছন্ন বা অপবিত্র বলে মনে করা হয়। এর পেছনে রয়েছে শৌচকর্মের পর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে বাম হাত ব্যবহারের প্রচলিত অভ্যাস।

শহরাঞ্চলে এখন টয়লেট পেপার ও আধুনিক পরিচ্ছন্নতার উপকরণের ব্যবহার বাড়লেও সামাজিক রীতিতে বাম হাতকে এখনো অনেক ক্ষেত্রে অশুভ বা অমঙ্গলজনক মনে করা হয়। তাই অধিকাংশ সামাজিক আদান-প্রদানে ডান হাত ব্যবহার করাই নিরাপদ।

তবে বিষয়টি শুধু পরিচ্ছন্নতার সঙ্গে সম্পর্কিত নয়। হিন্দু ধর্মীয় শাস্ত্রে বাইরের পরিচ্ছন্নতার সঙ্গে আত্মিক পবিত্রতার সম্পর্কও তুলে ধরা হয়েছে।

২. ব্যক্তিগত প্রশ্নে অবাক হবেন না

‘আপনি কি বিবাহিত? না হলে কেন?’ ‘আপনার কয়টি সন্তান?’ ‘সন্তান নেই কেন?’—ভারতে অপরিচিত মানুষের কাছ থেকেও এমন ব্যক্তিগত প্রশ্ন শুনতে পারেন পর্যটকেরা।

অনেক দেশের তুলনায় ভারতে সাধারণ কথাবার্তা দ্রুত ব্যক্তিগত বিষয়ে গড়াতে পারে। অপরিচিত কেউ আপনার আয়, পেশা কিংবা বিয়ে না করার কারণ জানতে চাইতে পারেন। এসব প্রশ্ন শুনতে অনধিকারচর্চা মনে হলেও অনেক সময় এর উদ্দেশ্য থাকে নিছক কৌতূহল ও আলাপ শুরু করা।

ঐতিহ্যগতভাবে ভারতে যৌথ ও বহু প্রজন্মের পরিবারের প্রচলন রয়েছে। পরিবারের সদস্যরা একে অপরের ব্যক্তিগত জীবন সম্পর্কে খোঁজখবর রাখেন। বৃহত্তর সমাজেও ব্যক্তির চেয়ে পরিবার ও সম্প্রদায়ের সম্পর্ককে বেশি গুরুত্ব দেওয়ার প্রবণতা রয়েছে। ফলে ব্যক্তিগত বিষয় নিয়ে খোলামেলা আলোচনা অনেকের কাছে স্বাভাবিক।

তবে নিজের ব্যক্তিগত তথ্য জানাতে পর্যটকেরা বাধ্য নন। এমন প্রশ্ন এড়িয়ে যেতে চাইলে হাসিমুখে রসিকতা করা কিংবা আলাপের বিষয় পরিবর্তন করাই যথেষ্ট। আবার যে অপরিচিত ব্যক্তি ব্যক্তিগত প্রশ্ন করেছেন, তিনিই হয়তো আপনাকে বাড়িতে চা খাওয়ার আমন্ত্রণ জানাতে পারেন। দেশটির আতিথেয়তার সংস্কৃতিরও এটি একটি দিক।

৩. মাথা দোলানো মানেই ‘হ্যাঁ’ নয়

ভারতীয়দের মাথা দোলানোর বিশেষ ভঙ্গি বিদেশি পর্যটকদের জন্য বিভ্রান্তিকর হতে পারে। এটি পুরোপুরি মাথা নাড়ানো বা সম্মতিসূচক মাথা ঝাঁকানো কোনোটির সঙ্গেই মেলে না। বরং মাথা এক পাশ থেকে অন্য পাশে এবং কিছুটা ওপর-নিচে দোলানোর একটি স্বতন্ত্র ভঙ্গি।

এই অঙ্গভঙ্গির অর্থ হতে পারে সম্মতি, কোনো কথা বুঝতে পারা কিংবা অনিশ্চয়তা প্রকাশ। কখনো কেউ সরাসরি ‘না’ বলতে অস্বস্তি বোধ করলেও এভাবে প্রতিক্রিয়া জানাতে পারেন। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ বা ক্ষমতাসীন ব্যক্তির প্রতি সম্মান ও ভদ্রতা বজায় রাখার সামাজিক প্রবণতা থেকে এমন আচরণ আসতে পারে।

তাই কারও মাথা দোলানো দেখে নিশ্চিত সিদ্ধান্ত না নিয়ে প্রয়োজনে সরাসরি জিজ্ঞেস করুন, ‘আপনি কি সম্মতি দিচ্ছেন?’ মজার বিষয় হলো, ভারতে কিছুদিন কাটানোর পর পর্যটকেরাও অজান্তে এই ভঙ্গি রপ্ত করে ফেলতে পারেন।

৪. ঘরে প্রবেশের আগে জুতা খুলুন

ভারতের কোনো বাড়িতে প্রবেশের আগে দরজার কাছে রাখা জুতার দিকে খেয়াল করুন। সেখানে জুতা খুলে রাখার ব্যবস্থা থাকলে নিজের জুতাও খুলে প্রবেশ করাই রীতি।

দেশটির অনেক এলাকায় বাইরের ও ঘরের ভেতরের জায়গাকে আলাদা করে দেখা হয়। দরজার বাইরে জুতা খুলে রাখা শুধু বাইরের ধুলাবালি ও ময়লা ঘরে প্রবেশ ঠেকানোর জন্য নয়; ঘরের পবিত্রতা ও পরিচ্ছন্নতা বজায় রাখারও একটি উপায়।

হিন্দু মন্দিরে প্রবেশের আগে জুতা খোলা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। উপাসনার সময় অনেকে মেঝেতে বসেন, হাঁটু গেড়ে প্রার্থনা করেন কিংবা সেজদার মতো ভঙ্গিতে নত হন। অনেক বাড়িতেও মেঝেতে বসে খাওয়ার প্রচলন রয়েছে।

তাই ভারত ভ্রমণে এমন জুতা ব্যবহার করা ভালো, যা সহজে খোলা ও পরা যায়।

৫. দরদাম করা তর্ক নয়, একধরনের শিল্প

ভারতের ঐতিহ্যবাহী বাজারে কেনাকাটা করতে গেলে ক্রেতা ও বিক্রেতার মধ্যে দরদামের দৃশ্য চোখে পড়বে। কেউ দাম বেশি বলছেন, কেউ অভিযোগ করছেন, আবার কেউ কেনাকাটা না করেই চলে যাওয়ার হুমকি দিচ্ছেন। শেষ পর্যন্ত দুই পক্ষই মাঝামাঝি দামে রাজি হন। উভয়েই হয়তো মনে করেন, অন্য পক্ষ তাঁকে ঠকিয়েছে—তবু কেনাকাটা সম্পন্ন হয় হাসিমুখে।

অনেক ভারতীয় বাজারে দরদাম করা কেনাকাটার স্বাভাবিক ও প্রত্যাশিত অংশ। এটি শুধু দাম কমানোর বিষয় নয়, বরং ক্রেতা-বিক্রেতার মধ্যে সামাজিক যোগাযোগেরও একটি মাধ্যম।

হিন্দি ভাষায় ‘পয়সা উসুল’ বলে একটি অভিব্যক্তি রয়েছে। এর অর্থ, খরচ করা অর্থের যথাযথ মূল্য পাওয়া। ক্রেতা কম দামে পণ্য পেয়ে সন্তুষ্ট হন, আর বিক্রেতাও কিছুটা লাভ করে পণ্য বিক্রি করতে পারেন।

দরদাম শুরু করার সময় হাসিমুখে কথা বলা, হালকা রসিকতা করা এবং বিক্রেতার চাওয়া দামের চেয়ে কিছুটা কম প্রস্তাব দেওয়া যেতে পারে। লেখকের ব্যক্তিগত কৌশল হলো, প্রথমে চাওয়া দামের চেয়ে ২৫ থেকে ৩০ শতাংশ কম দাম প্রস্তাব করা এবং ধীরে ধীরে মাঝামাঝি দামে পৌঁছানো।

তবে সব দোকানে দরদাম করার সুযোগ নেই। সুপারমার্কেট, ডিপার্টমেন্টাল স্টোর ও নির্ধারিত মূল্যের দোকানে সাধারণত দরদাম চলে না।

৬. ভদ্রতা ও আনুষ্ঠানিকতার গুরুত্ব রয়েছে

ভারতের উত্তর প্রদেশের লখনউ শহরের দুই অভিজাত ব্যক্তিকে নিয়ে একটি প্রচলিত গল্প রয়েছে। তাঁরা ট্রেনে ওঠার সময় একে অপরকে বারবার বলছিলেন, ‘পহেলে আপ, পহেলে আপ’—অর্থাৎ ‘আপনি আগে’। কেউই আগে উঠতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত ট্রেন তাঁদের রেখেই ছেড়ে যায়। গল্পটি সত্য না হলেও এর মধ্য দিয়ে ভদ্রতা ও সৌজন্যের গুরুত্ব তুলে ধরা হয়।

বিশেষ করে বয়োজ্যেষ্ঠ ও কর্তৃত্বপূর্ণ অবস্থানে থাকা ব্যক্তিদের প্রতি সম্মান দেখানো ভারতীয় সামাজিক সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ।

হিন্দি ভাষায় ‘আপ’ এবং ‘তুম’ দুটির অর্থই ‘আপনি’ বা ‘তুমি’। তবে ‘আপ’ অধিক সম্মানসূচক, আর ‘তুম’ তুলনামূলক ঘনিষ্ঠ বা অনানুষ্ঠানিক সম্বোধন। কারও নামের সঙ্গে ‘জি’ যুক্ত করেও সম্মান প্রকাশ করা হয়। আবার বয়সে বড় পরিচিত ব্যক্তিদের আত্মীয় না হলেও স্নেহ করে ‘আঙ্কেল’ বা ‘আন্টি’ বলে ডাকা হয়।

বয়োজ্যেষ্ঠ কাউকে আগে যাওয়ার সুযোগ দেওয়া কিংবা হাত মেলানোর পরিবর্তে দুই হাত জোড় করে ‘নমস্তে’ বলে অভিবাদন জানানোও সৌজন্যের পরিচয়।

সন্দেহ হলে একটু বেশি ভদ্রতা দেখানোই ভালো। তবে ভদ্রতা করতে গিয়ে যেন ট্রেন মিস না হয়!

৭. ভারতের সব জায়গায় বাটার নান পাওয়া যাবে না

বিদেশে ভারতীয় রেস্তোরাঁয় যেসব খাবার পরিচিত, সেগুলো ভারতের বৈচিত্র্যময় খাদ্যসংস্কৃতির সামান্য অংশ মাত্র।

উদাহরণ হিসেবে সকালের নাশতার কথা বলা যায়। দক্ষিণ ভারতের চেন্নাই শহরে নাশতায় পাওয়া যেতে পারে নরম ভাপানো ইডলি কিংবা মচমচে দোসা। সঙ্গে থাকবে নারকেলের চাটনি ও এক কাপ গাঢ় ফিল্টার কফি। অন্যদিকে উত্তর ভারতের অমৃতসরে সকালের খাবারে থাকতে পারে মাখন মাখানো খাস্তা পরোটা, যার ভেতরে পুর হিসেবে দেওয়া হয় মসলাদার আলু কিংবা পনির। সঙ্গে থাকে মসলা চা।

ভারতের বিভিন্ন অঞ্চলের খাবারের স্বাদ ও উপকরণেও রয়েছে ব্যাপক পার্থক্য। কেরালার মালাবার উপকূলে শতাব্দীর পর শতাব্দী ধরে মসলা বাণিজ্যের প্রভাব স্থানীয় খাবারে পড়েছে। সেখানে গোলমরিচ, এলাচ ও লবঙ্গের ব্যবহার বেশি। অন্যদিকে পশ্চিম ভারতের গুজরাট রাজ্যে ডালসহ অনেক খাবারে হালকা মিষ্টি স্বাদ পাওয়া যায়। স্থানীয় পানির লবণাক্ত স্বাদ কমাতে একসময় গৃহস্থালির রান্নায় চিনি বা আখের গুড় ব্যবহারের প্রচলন থেকে এ স্বাদের বিকাশ ঘটেছে।

খাবার খাওয়ার পদ্ধতিতেও রয়েছে বিশেষত্ব। রুটি, নান বা দোসার টুকরো ছিঁড়ে ডাল, তরকারি কিংবা চাটনি তুলে খাওয়া যায়। ভাতের সঙ্গে ডাল বা তরকারি মিশিয়েও হাত দিয়ে খাওয়া প্রচলিত। খাবারের সঙ্গে পরিবেশিত মচমচে পাপড় ও আচারও স্বাদে ভিন্ন মাত্রা যোগ করে।

ভারতের অধিকাংশ অঞ্চলে হাত দিয়ে খাওয়া স্বাভাবিক বিষয়। তবে এ ক্ষেত্রেও মনে রাখতে হবে খাবার খেতে ব্যবহার করতে হবে ডান হাত।

এসজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত