তুরস্কে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

তুরস্কের দক্ষিণাঞ্চলে রোববার (১ ফেব্রুয়ারি) পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছে। আনাতলিয়া শহরের কাছে মহাসড়ক থেকে একটি বাস ছিটকে পড়ে ৯ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আনাতলিয়ার প্রাদেশিক গভর্নর হুলুসি সাহিন।

সংবাদ সংস্থা ডিএইচএ জানায়, আনাতলিয়া থেকে ইস্পার্তা যাওয়ার পথে মহাসড়কের বুরদুর এলাকায় পৃথক দুর্ঘটনায় সাতজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে।

গভর্নর জানান, পশ্চিমাঞ্চলীয় শহর তেকিরদাগ থেকে আনাতলিয়ার উদ্দেশে যাত্রাকালে ৩৪ জন যাত্রী বহনকারী বাসটি মহাসড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায়। তবে এতে কোনো বিদেশী নাগরিক ছিল কি না তা তিনি উল্লেখ করেননি।

তিনি আরো বলেন, এটি এমন একটি মোড়, যেখানে দ্রুতগতিতে গাড়ি চালানো উচিত নয়। তবুও মনে হচ্ছে বাসটি সেখানে বেপরোয়া গতিতে চলছিল। বৃষ্টির কারণে সড়কটি পিচ্ছিল ছিল বলেও জানান তিনি।

আনাতলিয়া ঘিরে উপকূলীয় অঞ্চলটি একটি জনপ্রিয় অবকাশযাপন কেন্দ্র, যেখানে প্রতি বছর বহু বিদেশী পর্যটক ভ্রমণ করেন। সূত্র : এএফপি/বাসস