মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতের জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সংলগ্ন ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় দুই ভারতীয় নাবিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি ও পিটিআই এই তথ্য নিশ্চিত করেছে। নিহতরা হলেন-ট্যাংকারের ক্যাপ্টেন আশীষ কুমার (বিহার) এবং ক্রু সদস্য দলীপ সিং (রাজস্থান)।
ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার (এমএসসি) জানিয়েছে, পালাউ প্রজাতন্ত্রের পতাকাবাহী ‘স্কাইলাইট’ (Skylight) নামক তেল ট্যাংকারটি গত ২২ ফেব্রুয়ারি যাত্রা শুরু করেছিল। বৃহস্পতিবার ওমানের মুসান্দাম গভর্নরেটের খাসাব বন্দর থেকে মাত্র পাঁচ নটিক্যাল মাইল উত্তরে জাহাজটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
ট্যাংকারটিতে মোট ২০ জন ক্রু সদস্য ছিলেন, যাদের মধ্যে ১৫ জন ভারতীয় এবং ৫ জন ইরানি নাগরিক। হামলার পর ওমানি কর্তৃপক্ষ দ্রুত অভিযান চালিয়ে ১৮ জন ক্রুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও দুই ভারতীয় নাবিক প্রাণ হারান।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় ক্যাপ্টেন আশীষ কুমার তার কেবিনে ছিলেন এবং দলীপ সিং জাহাজের সামনের অংশে তার সঙ্গেই ছিলেন। বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুনে তাদের দেহ পুড়ে যায়। পরে উদ্ধারকারীরা জাহাজের ভেতর থেকে তাদের দেহাবশেষ উদ্ধার করেন।
মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধাবস্থায় হরমুজ প্রণালী ও ওমান উপসাগরীয় এলাকাটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এর আগে ওমানের দুকম বন্দর এলাকায় ড্রোন হামলার ঘটনা ঘটেছিল। ইরান এই সমুদ্রপথ দিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর জাহাজ চলাচলে কড়াকড়ি ও হামলার হুঁশিয়ারি দিয়ে আসছে। এই হামলার ফলে আন্তর্জাতিক নৌ-বাণিজ্য এবং ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।