দক্ষিণ লেবাননে ইসরায়েলের ‘সীমিত’ স্থল অভিযান শুরু

জেরুজালেম দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ‘সুনির্দিষ্ট ও সীমিত’ স্থল অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। গত শনিবার থেকে শুরু হওয়া এই অভিযানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (IDF) ৯১তম ডিভিশনের কিছু অংশ ইতিমধ্যে লেবাননের অভ্যন্তরে প্রবেশ করেছে।
 
ইসরায়েলের দাবি, তাদের এই অভিযানের মূল লক্ষ্য হলো একটি ‘নিরাপত্তা বাফার জোন’ (Security Buffer Zone) তৈরি করা। এই জোনটি সীমান্ত থেকে শুরু করে লিতানি নদীর দক্ষিণ পর্যন্ত বিস্তৃত হতে পারে। ইসরায়েলি সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, ২০০৬ সালের পর এই প্রথম তারা এমন বড় ধরনের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছেন।
 
ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলা প্রতিরোধে এই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা অপরিহার্য হয়ে পড়েছে। তবে ঘটনাপ্রবাহ ইঙ্গিত দিচ্ছে যে, এই ‘সীমিত’ অভিযান শীঘ্রই একটি পূর্ণাঙ্গ স্থল যুদ্ধে রূপ নিতে পারে।
 
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, সামরিক কর্মকর্তারা সরকারের কাছে রিজার্ভ সৈন্য সংখ্যা ২ লক্ষ ৮০ হাজার থেকে বাড়িয়ে ৪ লক্ষ ৫০ হাজারে উন্নীত করার অনুরোধ জানাতে যাচ্ছেন। এই বিপুল সংখ্যক সৈন্য সমাবেশের পরিকল্পনাটি লেবাননে একটি বড় মাপের সামরিক প্রচারণার (Major ground campaign) আগাম সঙ্কেত হিসেবে দেখা হচ্ছে।